আম্মু আফসোস করে বলেছিল, কখনো মেরিল-প্রথম আলো পুরস্কার পেলে না...

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তমা মির্জা। মীর হোসেন

গত বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীনের সিনেমা ‘দাগি’। ছবিতে ‘জেরিন’ চরিত্রে অসাধারণ অভিনয় করেন তমা মির্জা। সেই অভিনয়ের স্বীকৃতি হিসেবে মেরিল–প্রথম আলো পুরস্কারের তারকা জরিপ পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। গতকাল সন্ধ্যায় পুরস্কার গ্রহণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। কারণ, এবারই প্রথম মেরিল–প্রথম আলো পুরস্কার জিতলেন তমা।

পুরস্কার গ্রহণ করে তমা বলেন, ‘দীর্ঘ বলব না, তবে আলহামদুলিল্লাহ, ক্যারিয়ারে ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমাকে আম্মু আফসোস করে বলেছিল, “কখনো মেরিল-প্রথম আলো পুরস্কার পেলে না।” আফসোস করতে করতে বলত, “অনেক ভালো কাজ করো, আরও ভালো অভিনয় করো, আরও চেষ্টা করো; হবে। আজ হয়নি তো কী হয়েছে পরেরবার হবে, পরেরবার হয়নি তো কী হয়েছে, তার পরেরবার হবে।”’ আমি ইমোশনাল হতে চাই না...। জেরিন চরিত্রের জন্য আমি প্রথমে শিহাব শাহীন ভাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ, আমার থেকে পরিশ্রম ওনার বেশি ছিল যে কীভাবে জেরিন ক্যারেক্টারটা আরও ডেভেলপ করা যায়, চরিত্রটিকে ব্যতিক্রম করা যায়, সেটা নিয়ে উনি অনেক কাজ করেছেন।’

আরও পড়ুন

এরপর তিনি ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি ও সহ–অভিনেতা আফরান নিশোকে ধন্যবাদ জানান।

‘দাগি’ সিনেমার দৃশ্য। চরকির সৌজন্যে

‘দাগি’ সিনেমা নিয়ে প্রথম আলোর রিভিউতে বলা হয় ‘জেরিন’ চরিত্রে নিশোকে যোগ্য সংগত দিয়েছেন তমা মির্জা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’, ‘আমলনামা’ থেকে ‘দাগি’—অভিনেত্রী হিসেবে আরও পরিণত হয়েছেন তমা। প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্তবিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাঁকে মনে রাখতেই হবে।