কবরীর সেই সিনেমা কেন মুক্তি পাচ্ছে না

সারাহ বেগম কবরীছবি: প্রথম আলো

ঢাকাই চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ অভিনেত্রী সারাহ বেগম কবরীর জন্মদিন আজ। বাংলা সিনেমার সোনালি যুগের অন্যতম জনপ্রিয় এই নায়িকা অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও ছাপ রেখে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্নের সিনেমা ‘এই তুমি সেই তুমি’ এখনো মানুষ দেখার সুযোগ পায়নি। কবরীর মৃত্যুর পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ছবিটির মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল ভিন্ন ভিন্ন তথ্য।

সারাহ বেগম কবরী

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেওয়া কবরী মাত্র ১৪ বছর বয়সে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর ‘সুজন সখী’, ‘সারেং বৌ’, ‘ময়না মতি’, ‘নীল আকাশের নীচে’, ‘তিতাস একটি নদীর নাম’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় মুখ। অভিনয়ের দীর্ঘ সময় পেরিয়ে ২০০৬ সালে ‘আয়না’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান কবরী। এরপর পরিচালনায় আবার বিরতি।

‘এই তুমি সেই তুমি’ ছবির দৃশ্যধারণ কেমন হচ্ছে তা মনিটরে দেখছেন পরিচালক কবরী
ছবি : প্রথম আলো

১৪ বছরের দীর্ঘ বিরতি ভেঙে সরকারি অনুদানে নির্মাণ শুরু করেন তাঁর দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপও লিখেছিলেন তিনি নিজেই। মুক্তিযুদ্ধ ও সমসাময়িক সময়কে ঘিরে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া ও রায়হান রিয়াদ।

আরও পড়ুন
সারাহ বেগম কবরী
ছবি : সংগৃহীত

২০২০ সালে ‘এই তুমি সেই তুমি’ সিনেমার শুটিং শুরু হয়। দেশে তখন কোভিড–১৯–এর প্রকোপ। করোনার সেই পরিস্থিতির মধ্যেও কাজ এগিয়ে নিয়েছিলেন কবরী। শুটিং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল; বাকি ছিল মাত্র দুই দিনের কাজ। কিন্তু ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুতে থেমে যায় ছবিটির নির্মাণকাজ।

মায়ের মৃত্যুর পর ছবিটির দায়িত্ব কাঁধে তুলে নেন ছেলে শাকের চিশতী। চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করা চিশতী চিত্রনায়িকা মা কবরীর রেখে যাওয়া স্টোরিবোর্ড ও ছবিটি নিয়ে ডায়েরিতে লিখে রাখা পরিকল্পনা অনুসরণ করে অসমাপ্ত অংশের শুটিং শেষ করেন। পরে ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়।

সারাহ বেগম কবরী
প্রথম আলো

২০২৩ সালের শেষ দিকে তিনি জানান, ছবিটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়েছে এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর কেটে গেছে আরও কয়েক বছর। সিনেমাটির মুক্তি নিয়ে নতুন কোনো ঘোষণা আসেনি।

আরও পড়ুন
সারাহ বেগম কবরী
প্রথম আলো

সম্প্রতি শাকের চিশতীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের প্রস্তুতি এখনো চলছে। ছবিতে সাবটাইটেল যুক্ত করা হচ্ছে এবং দেশে মুক্তির প্রস্তুতিও নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, সেন্সর ছাড়পত্রের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ছবিটি। ছাড়পত্র পেলেই দেশে মুক্তি দেওয়া হবে ছবিটি।

‘এই তুমি সেই তুমি’ ছবির গান রেকর্ডিংয়ের ফাঁকে চ্যানেল আইয়ের স্টুডিওতে সাবিনা ইয়াসমিন ও সারাহ বেগম কবরী
ছবি : মনজুর কাদের

কিন্তু এখানেই দেখা দিয়েছে প্রশ্ন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারি অনুদানের কোনো সিনেমা বিদেশের উৎসবে পাঠাতে হলে মন্ত্রণালয়কে জানানোর নিয়ম রয়েছে। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রয়োজনীয় অনুমোদনও নিতে হয়। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন জানিয়েছেন, আজ রোববার পর্যন্ত তাঁদের কাছে ‘এই তুমি সেই তুমি’ সিনেমাটি সার্টিফিকেশনের জন্য জমা পড়েনি। ফলে ছবির বর্তমান অবস্থা সম্পর্কে বোর্ডের কাছে কোনো তথ্য নেই।

‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং শুরুর মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙলেন কবরী
ছবি : মনজুর কাদের

অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি অনুদানের ছবির শুটিং শেষ হলে মন্ত্রণালয়কে অবশ্যই জানাতে হয়। এরপর মন্ত্রণালয় থেকে কিস্তির বকেয়া টাকা প্রযোজককে দিতে হয়। কিন্তু আজ পর্যন্ত ছবিটির শুটিং শেষ হওয়ার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়নি, একই সঙ্গে ছবিটির তৃতীয় কিস্তির অর্থসংক্রান্ত বিষয়েও এখন পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আবেদন জমা পড়েনি। ফলে প্রশাসনিক প্রক্রিয়াতেও ছবিটির অগ্রগতির কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন
মা কবরী ও ছেলে শাকের চিশতী
ছবি : সংগৃহীত

সরকারি অনুদানে তৈরি কবরীর শেষ ছবি ‘এই তুমি সেই তুমি’–এর মুক্তি নিয়ে দুই ধরনের তথ্য মিলছে। একদিকে নির্মাতাপক্ষ বলছে, ছবি মুক্তির জন্য প্রস্তুত; অন্যদিকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় কবরী

বেঁচে থাকতে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ নিয়ে তাঁর ছিল আলাদা ভালোবাসা। তাই তো করোনা মহামারির আতঙ্কের মধ্যেই সব ভয় উপেক্ষা করে ২০২১ সালে ছবিটির শুটিং শুরু করেন। এই ছবির জন্য তিনি প্রথমবারের মতো গানও লিখেছিলেন। সংগীত পরিচালনা করেন সাবিনা ইয়াসমিন, আর গান গেয়েছেন ইমরান ও কোনাল। সিনেমাটি ছিল তাঁর নির্মাতাজীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। কিন্তু কবরীর সেই স্বপ্নের ছবিটি কবে বড় পর্দায় আসবে, আদৌ দর্শক দেখতে পাবেন কি না—সেই প্রশ্নের উত্তর এখনে অনিশ্চিত।