‘আহা রে, ভাইটা আমার সিনেমা দেখে যেতে পারল না’

বিউটি সার্কাস–এ হুমায়ুন সাধু ও জয়া আহসান।

‘আহা রে, ভাইটা আমার সিনেমাটা দেখে যেতে পারল না। কী সুন্দর অভিনয় করেছে। এমন অভিনেতাকে আমি সব সময় মিস করব,’ কথাগুলো জয়া আহসানের। বলার সময় বোঝা যাচ্ছিল না, কার কথা বলছিলেন অভিনেত্রী। পরে বোঝা গেল, অভিনেতা হুমায়ুন সাধুর কথা বলছেন। ‘বিউটি সার্কাস’ সিনেমায় তাঁরা ভাই-বোন। ২৩ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

জয়া আহসান বলেন, ‘আমরা অনেক আনন্দ করে শুটিং করেছি। এই আনন্দ এখন মন খারাপ করে দেয়। এত ভালো একজন অভিনেতা। নিজের প্রথম সিনেমাটি দেখে যেতে পারল না। এটাই সবচেয়ে কষ্টের জায়গা। তাকে ভীষণভাবে মিস করি। সে অনেক মিশুক ছিল। আমরা যখন একসঙ্গে অভিনয় করতাম, দেখতাম, কাজের প্রতি খুবই ডেডিকেটেড। চরিত্র নিয়ে আমাদের অনেক কথা হতো। অনেক হাসিখুশি একটা মানুষ ছিল।’ ‘বিউটি সার্কাস’ সিনেমায় হুমায়ুন সাধুর চরিত্রটির নাম স্যাম। জয়া আহসানের সঙ্গে পুরো সিনেমায় দর্শক তাঁকে দেখবেন।

‘বিউটি সার্কাস’ সিনেমার পরিচালক মাহমুদ দিদার জানান, শুটিংয়ের সময় নিজের চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন হুমায়ুন সাধু। চরিত্রটি নিয়ে হুমায়ুন সাধুর সঙ্গে অনেক মজার আড্ডাও হতো। বেশ কয়েকবার তাঁরা একসঙ্গে ঢাকার বাইরে সার্কাস দল দেখার জন্য ঘুরতেও গিয়েছিলেন।

দিদার বলেন, ‘আমাদের স্যাম চরিত্রের জন্য শতভাগ দিয়েছেন সাধু। তিনি এমন একজন অভিনেতা, তাঁকে চরিত্র বুঝিয়ে দিলে আর কিছু বলা লাগত না। শুটিং-পরবর্তী জয়া আপাসহ সবাই সাধুর প্রশংসা করেছে। আমাদের সেই সিনেমা তাঁর দেখা হলো না।’

২০১৯ সালে হঠাৎই মারা যান হুমায়ুন সাধু। ‘বিউটি সার্কাস’ তাঁকেই উৎসর্গ করা হয়েছে বলে আগে জানিয়েছিলেন মাহমুদ দিদার। তাঁর প্রতি সম্মান জানাতেই এ সিদ্ধান্ত। বিউটি নামে এক সার্কাসকন্যার টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন গাজী রাকায়েত, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন