মেসি নাকি ইয়ামাল? কার হাতে কাপ দেখতে চান ব্রাজিল সমর্থক রাজ
প্রিয় দল ব্রাজিল বেশ আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। তবে থেমে যায়নি বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে যেমন চিন্তিত, তেমনি বেশ উচ্ছ্বসিতও চিত্রনায়ক শরীফুল রাজ। জানালেন, বিশ্বকাপের হয়তো সেরা একটি ম্যাচ হবে আজ রাতে। লড়াই হবে হাড্ডাহাড্ডি। সেই ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন।
‘আমি দুই দলের খেলা নিয়েই এক্সসাইটেড। দুটোই এখন সেরা। এই খেলায় কী হবে বলা খুবই কঠিন। এই লড়াইটা দেখার জন্য অস্থির হয়ে আছি। আমার মনে হয়, এমনও হতে পারে, এই খেলা দেখে অনেকেই স্ট্রোক করতে পারেন। তবে চাই, ভালো একটি ম্যাচ হোক। সেই ম্যাচটা সবার কাছে সেরা হয়ে থাকুক।’—কথাগুলো বলেন শরীফুল রাজ।
আজকের খেলায় কোন দল জিতবে বলে মনে করছেন? এমন প্রশ্ন রাজ বলেন, ‘এমন একটা অবস্থা, দুটো দলই ভালো। দুর্দান্ত তাদের খেলা। নিজেদের তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। দেখিয়েছে, কেউ কারও চেয়ে কম নয়। পরিশ্রম করে খেলেই তারা ফাইনালে এসেছে। আর্জেন্টিনাও ভালো আবার স্পেনও ভালো। দুই দলের যে ভালো খেলবে, সেই জিতবে। কেউ জিতলেই খুশি।’ কথা শেষে হাসলেন এই নায়ক।
অভিনেতা শরীফুল রাজ জানান, খেলা শুরু হওয়ার আগেই তিনি ব্রাজিলের জার্সি গায়ে জানিয়ে দিয়েছেন ব্রাজিল সমর্থক। প্রিয় দল বাদ পড়ায় মন খারাপ হলেও তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে আরও বেশি শক্তি নিয়ে ফিরবে ব্রাজিল। আপাতত সেই প্রত্যাশাতেই রয়েছেন। এর মধ্যেই উপভোগ করছেন অন্যান্য দলের খেলা। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মেসি ও ইয়ামাল। দুজনের মধ্যে কার হাতে বিশ্বকাপ দেখতে চান?
এমন প্রশ্নে রাজ বলেন, ‘দেখুন, আমি ব্রাজিল সমর্থন করলেও মেসির খেলা ভালো লাগে। আমার ভালো লাগবে আবার মেসির হাতে কাপ দেখতে। তবে তরুণ খেলোয়াড় ইয়ামালও ভালো খেলছে। তারা কাপ পেলেও অবিশ্বাস্য বা অঘটন কিছু হবে না। আজ মাঠের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছি।’