বিয়ের পর অভিনয় ছাড়লেন তরুণ অভিনেত্রী সায়মা
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ে নাম লেখান সুমনা ইয়াসমিন, তিনি সায়মা নামে পরিচিত। অভিনয়ে অল্প সময়ে খ্যাতি পেয়েছেন তিনি।
বিয়ের পর অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন সায়মা। গত ৪ এপ্রিল সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সায়মা জানান, তিনি মিডিয়ায় কাজ করছেন না। মিডিয়া-সম্পর্কিত কোনো কাজের বিষয়ে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছেন তিনি।
এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিয়ে সেরেছেন সায়মা। বরের নাম রাসেল খান, তিনি লন্ডনপ্রবাসী। স্বামীর সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়মা।
সায়মার ব্যবহৃত নম্বরে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।
‘হরবোলা’, ‘সাথী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সায়মা।
এর আগে ২০২৫ সালের ৩ জুলাই প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সায়মা বলেন, ‘আমি পরিকল্পনা করে অভিনয়ে আসিনি। তখন কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ফেসবুকে ভিডিও করতাম। ওখান থেকে ইমরান মাহমুদুল ভাইয়ার সঙ্গে ‘মন বোঝে না’ গানের ভিডিও চিত্রে কাজের প্রস্তাব পাই। এই বছরই কাজটি এসেছে।’
গত বছর ফেব্রুয়ারিতে ‘পাঁজর ৩’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। বছরখানেক অভিনয়ে দেখা গেছে তাঁকে।
সায়মার জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে।