নিউইয়র্কে প্রশংসিত বাঙালির নাটক ‘পাবলিক ওবসেনিটিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাবলিক ওবসেনিটিস’ নাটকের একটি দৃশ্য
ছবি: সহো রেপার্টরি থিয়েটারের ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছোটন কলকাতায় পরিবারের কাছে ফেরে। সঙ্গী হয় তাঁর ‘বয়ফ্রেন্ড’ চিত্রগ্রাহক রহিম। এই রহিম আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান। ছোটন পড়াশোনা করেছে সমকামী বা ভিন্ন ধরনের যৌন অভ্যাস নিয়ে। কলকাতায় ফেরার উদ্দেশ্য—স্থানীয় সমকামী জনগোষ্ঠীর ব্যবহৃত গালাগাল নিয়ে গবেষণা। হঠাৎই ছোটনের দাদার ক্যামেরায় ডেপলপ না করা ফিল্ম খুঁজে পায় রহিম, যেটার মাধ্যমে প্রকাশ্যে আসে পরিবারের গোপন অতীত! এই হলো মোটা দাগে মার্ক ওডোনেল পুরস্কারজয়ী লেখক, পরিচালক শায়ক মিশ্র চৌধুরীর নতুন নাটক ‘পাবলিক ওবসেনিটিস’-এর গল্প। গত মাসে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের প্রিমিয়ারের পর ব্যাপক প্রশংসিত হচ্ছে নাটকটি। ‘পাবলিক অবসেনিটিস’–এর প্রশংসা করে সমালোচনা লিখেছে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন গণমাধ্যম। নাটকটির বেশির ভাগ পাত্রপাত্রী বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত।

‘পাবলিক ওবসেনিটিস’ নাটকের একটি দৃশ্য
ছবি: সহো রেপার্টরি থিয়েটারের ওয়েবসাইট

‘লেখক হিসেবে শায়ক মিশ্র চৌধুরীর মুনশিয়ানা হলো, তিনি নাটকে অনেক বিষয় নিয়ে আসেন, যেমনটি তিনি করেছেন “পাবলিক অবেসনিটিস”-এর ক্ষেত্রেও, যা দর্শককে কখনো অবাক করেছে, কখনো ডুবিয়েছে হতাশায়, কখনো আবার দিয়েছে আরও বেশি কিছু। সত্যি বললে, এটা আসলে নাটকের চেয়ে মিনি সিরিজ হিসেবেই বেশি উপযুক্ত হতো, বড় দৈর্ঘ্যের মাধ্যমে দেখতে হয়তো দর্শকের একটু শ্বাস নেওয়ার ফুরসতও মিলল,’ ‘পাবলিক অবসেনিটিস’ সম্পর্কে এভাবেই লিখেছেন নিউইয়র্ক টাইমসের সমালোচক হুয়ান এ রামিরেজ।

‘পাবলিক ওবসেনিটিস’ নাটকের একটি দৃশ্য
ছবি: সহো রেপার্টরি থিয়েটারের ওয়েবসাইট

নাটকের প্রধান চরিত্র ‘ছোটন’-এ অভিনয় করেছেন আবরার হক। যুক্তরাষ্ট্রের অরেগনে জন্ম নেওয়া এই অভিনেতা আগে ‘রিফিউজি র‍্যাপসোডি’, ‘আ উইন্টারস টেল’-এর মতো প্রশংসিত নাটক করেছেন। ছোটন চরিত্রে তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকেরা। এ ছাড়া নাটকে আরও আছেন গোলাম সরওয়ার হারুন, তাসনুভা আনান, নাফিস, গার্গি মুখার্জি প্রমুখ। গোলাম সরওয়ার হারুন বাংলাদেশের মঞ্চ, চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা। তাঁকে দেখা গেছে ‘কোথাও কেউ নেই’ নাটকে, অভিনয় করেছেন মীরা নায়ারের ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’-এও।
তাসনুভা আনান তরুণ ট্রান্সজেন্ডার আন্দোলনকর্মী, মডেল। বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপকও বটে। বাংলাদেশে জন্ম নেওয়া আরেক অভিনেতা, গায়ক নাফিসও আছেন ‘পাবলিক অবসেনিটিস’-এ। নাটকে ‘সেবন্তী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘পাবলিক ওবসেনিটিস’ নাটকের একটি দৃশ্য
ছবি: সহো রেপার্টরি থিয়েটারের ওয়েবসাইট

নাটকটি নিয়ে এক বিবৃতিতে শায়ক মিশ্র চৌধুরী জানান, নাটকটি আংশিকভাবে তাঁর এক চাচার স্বপ্ন থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, ‘আমার চাচা তাঁর এক স্বপ্নের কথা বলেছিলেন, যা থেকে সিনেমা করব; তেমনটাই ছিল তাঁর চাওয়া। নাটকটি লিখতে গিয়ে তাঁর সেই স্বপ্ন আর কিছু ঘটনার সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছি। আমি ছবি বানাতে জানি না, তাই নাটকই করলাম। সিনেমা বানানোর পরিবর্তে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এই সব অপ্রত্যাশিত জিনিস নিয়ে একটি নাটক করেছি। আমার দাদার পুরোনো রোলিকর্ড ক্যামেরাটি ছিল আরেকটি বড় প্রেরণা, ভেবেছিলাম এটি মঞ্চেও দেখানো যেতে পারে। ব্যাপারটা এভাবে ভাবতে চাই, ক্যামেরার মাধ্যমে আমার দাদাও অফ-ব্রডওয়েতে আত্মপ্রকাশ করছেন।’

আরও পড়ুন

নাটকটির সমাপ্তি নিয়ে নিউইয়র্ক টাইমস লিখেছে ‘পাবলিক অবসেনিটিস’ নাটকটি শেষ হয়েছে উত্তরহীন কিছু প্রশ্ন দিয়ে। তবে উপসংহারটি হতাশাজনক নয়, আশাজাগানিয়া। ‘পাবলিক অবসেনিটিস’ বাংলা ও ইংরেজি লেখা প্রায় তিন ঘণ্টার পরিবেশনা। গত ১৫ ফেব্রুয়ারি লোয়ার ম্যানহাটনের সহো রেপার্টরি থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হয়, চলবে ১৫ মার্চ পর্যন্ত।