সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন ‘উন্নয়নের জন্য সংগীত’ প্রকল্প কার্যক্রম মূলত সমাজের অবহেলিত একটি অংশ, যারা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, শিল্প-সাহিত্য থেকে বঞ্চিত, তাদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রকল্পের তহবিল সংগ্রহ করতে রাজধানীর গুলশান ক্লাবে একটি অনুষ্ঠানের (চ্যারিটি গালা) আয়োজন করা হয়। সরকারের মন্ত্রী, বিদেশি কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর জীবন গড়ে তোলার কাজে সুরের ধারা কর্ণধার খ্যাতিমান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রকল্পটি নিয়ে আজ শুক্রবার বিকেলে কথা হলো তাঁর সঙ্গে—
প্রশ্ন :
কোন স্বপ্ন নিয়ে ‘উন্নয়নের জন্য সংগীত’ প্রকল্প চালু করেছিলেন?
আমরা প্রায়ই দেখি, সুবিধাবঞ্চিত বেশির ভাগ শিশু পড়াশোনা শুরু করলেও শেষ করে না। হয় মাঝপথে, নাহয় অল্প বয়সে কারও বিয়ে হয়ে যায়। কেউ চাপে পড়ে টাকা কামাতে চাকরি শুরু করে। আমাদের এখানে যারা এসেছে, সবাই পড়াশোনা শেষ করছে। স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয়েও পড়ছে। একজন তো ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছে। আমরা ওদের উৎসাহ দিই, সহযোগিতা করি। মোটামুটি সবাই স্বাবলম্বী হয়ে যাচ্ছে। সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করা, গানবাজনার মাধ্যমে সাংস্কৃতিকভাবে সচেতন করে মানসম্পন্ন মানুষ গড়ে তোলাটাই লক্ষ্য।
প্রশ্ন :
১৪ বছরে এই প্রকল্পের সফলতা কতটুকু বলে মনে করেন?
২০০৯ সালে প্রকল্পটি চালু হওয়ার পর এখন পর্যন্ত যা করতে পেরেছি, আমরা শতভাগ সফল বলে মনে করি।
প্রশ্ন :
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন একটি প্রকল্পে কাজ করে কতটা তৃপ্ত?
সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেমন আমাদের কাছ থেকে শিখছে। তেমনি আমরাও তাদের কাছ থেকে শিখি। জীবনের কঠিন কঠিন যেসব চ্যালেঞ্জ, যা আমাদের অবস্থান থেকে ধারণাও করতে পারি না, সেগুলো যখন ওরা নিয়ে আসে, আমরা যখন সমাধান খোঁজার চেষ্টা করি, তখন আমরা তাদের মাধ্যমে জীবনের অসাধারণ সব অভিজ্ঞতা অর্জন করি। এগুলোকে জীবনের কঠিন অভিজ্ঞতা বলি। কারণ, এমনিতে হয়তো আমাদের এমন ঘটনার মুখোমুখি হতে হতো না। এসবে আমরা নিজেরাও অভিজ্ঞ হচ্ছি।
প্রশ্ন :
আপনি হয়তো শুধু সংগীত নিয়েই ব্যস্ত থাকতে পারতেন। কিন্তু এমন একটি ভাবনার পেছনে জীবনের কোন পর্যায়ের শিক্ষাটা কাজে এসেছে?
শুধু সংগীত নিয়ে থাকাটা তো অসম্ভব স্বার্থপরের মতো থাকা। আমার আদর্শিক বীজ তো শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুর সব সময় তাঁর আশপাশের মানুষ ও বাচ্চাদের কথা ভেবেছেন। মানবতার কথা বলেছেন। সেখানে আমাদের মানুষের কথা না ভাবলে হয়! রবীন্দ্রনাথের গান আমরা যারা গাই, মানুষের কথা তো তাদের ভাবতেই হবে। সেটা থেকে শুরু। ২০০৯ সালে আমরা যখন শুরু করেছিলাম, নিজেরাও জানতাম না—কেমন হবে, কোন দিকে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু একটা করি, এই চিন্তাটাই শুধু ছিল। শুরুতে চিন্তা ছিল চার বছরের কোর্স করে শেষ করব। এরপর ওরা চলে যাবে। করতে করতে গিয়ে দেখলাম, চার বছর পর এদের আমরা যদি ছেড়ে দিই, এত দিনে যেটুকু শেখা হয়েছে, সব গোল্লায় যাবে। তখন আমরা চিন্তা করলাম, চার বছর নয়, এসব বাচ্চা কিশোর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সঙ্গে রাখব। যখন তারা শিশু থেকে কিশোর হলো, তখন দেখলাম অন্য ধরনের সমস্যা আছে। নানাবিধ জটিলতা। পড়াশোনা ও টাকাপয়সার সমস্যা। বাড়ির মানুষের সঙ্গেও সমস্যা। কিশোর বয়সের বাচ্চাদের যেটা হয়, নিজেদের একটা পরিচয় হয়, নিজস্ব একটা ভাবনাচিন্তা তৈরি হয়—তখন বাড়ির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে থাকে। তখন আমরা চিন্তা করলাম যে এদের আরও বেশি সময় আমাদের সঙ্গে রাখতে হবে, যাতে ছুটে না যায়—যত দিন না পর্যন্ত ওরা প্রাপ্তবয়স্ক হয়। মানে, পথ চলতে চলতে আমরা রাস্তা ঠিক করেছি। গন্তব্য জানতাম, কিন্তু পথ ঠিক ছিল না। আমরা রাস্তা তৈরি করেছি।
প্রশ্ন :
বিষয়টি কি এমন, সুবিধাবঞ্চিত বাচ্চাদের মনে ভবিষ্যতের স্বপ্নটা ধরিয়ে দিতে চেয়েছিলেন?
একদমই তাই। আমাদের চেষ্টাই ওদের জীবনে স্বপ্ন বুনে দেওয়া। স্বপ্ন বাস্তবায়নের যাত্রায় ওদের পাশে থাকা। এটা করতে গিয়ে, নতুন করে উপলব্ধি হয়েছে, চারপাশে অনেক প্রতিভাবান রয়েছে। একটু পরিচর্যা আর সুযোগ পেলেই তারা নিজেদের মেলে ধরতে পারে। সে কারণেই আমরা এটাকে আরও বড় করতে চাই। আরও বেশিসংখ্যক শিশুকে এর আওতায় আনতে পারি যদি। সৃষ্টিশীল বাচ্চাদের যতটা সম্ভব সুযোগ করে দিতে চাই।
প্রশ্ন :
স্বপ্নটা দেখার সময় শুরুতে কাদের সহযাত্রী পেয়েছেন?
শুরুই তো করেছিলাম জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনেটা লুক ডেসালিনের সহযোগিতায়—এক বছরের একটা পাইলট প্রকল্প করে দিয়েছিল। ওটা থেকে শুরু করার পর অনেক ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা পেয়েছি। তার মধ্যে সামিট গ্রুপের আজিজ খান, ইনসেপ্টা গ্রুপের হাসনিন মুক্তাদির, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী। এখনো আমাদের অনেক পৃষ্ঠপোষক আছেন।
প্রশ্ন :
প্রতিষ্ঠান ১৪ বছর চলছে। কী স্বপ্ন দেখছেন?
এটাকে একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে চাই। আমি আর কত দিন বেঁচে থাকব, তার আগে এটা যেন একটা সিস্টেমের মধ্যে চলে আসে। আমার মৃত্যুর পরও যেন এটা চলবে। সমাজ ও দেশকে যাদের দেওয়ার আছে মনে হবে—সেসব বাচ্চাকে তৈরি করব। এখন আমরা ছয়–সাত বছর বয়সী বাচ্চাদের নিচ্ছি। আমরা চাইছি, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ওরা আমাদের সঙ্গে থাকুক। স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের আমরা আর্থিক সহযোগিতা যেমন করছি, তেমনি গাইড করাছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখছি—যাতে ওরা ভেসে না যায়।
প্রশ্ন :
গানের খবর বলুন।
অ্যালবামের কাজ শুরু করেছি। কিন্তু কাজ এগোচ্ছে না বেশি। দ্রুত আবার কাজ শুরু করব।