গানে আছেন, অভিনয়েও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাই পুলিশম্যান’-এর প্রিমিয়ারে হ্যারি স্টাইল
রয়টার্স ফাইল ছবি

গান, অভিনয়—দুটিতেই সমান পারঙ্গম শিল্পীর সংখ্যা এখন খুব বেশি নেই। যাঁরা আছেন, তাদের মধ্যে বলা যায় সেলেনা গোমেজ, লেডি গাগার নাম। এ তালিকায় সর্বশেষ সংযোজন ব্রিটিশ তারকা হ্যারি স্টাইল। মূলত গায়ক হলেও গত পাঁচ বছরে অভিনেতা হিসেবেও তাঁর অবিশ্বাস্য উত্থান হয়েছে।

ভেনিস উৎসবে ‘ডোন্ট ওরি ডারর্লিং’ টিম
ছবি : রয়টার্স ফাইল ছবি

অভিনেতা হ্যারি স্টাইলের যাত্রা শুরু হয় ২০১৭ সালে, ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ দিয়ে। অতিথি চরিত্র নয়, ছবির গুরুত্বপূর্ণ অ্যালেক্স চরিত্রে দেখা যায় ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সদস্যকে। মূলত এই ছবির সাফল্যই হ্যারির সামনে অভিনয়ের দরজা উন্মুক্ত করে দেয়। চলতি বছর তাঁকে দেখা গেছে নানা কারণে আলোচিত দুই সিনেমা ‘ডোন্ট ওরি ডার্লিং’ ও ‘মাই পুলিশম্যান’-এ। এর মধ্যে প্রথমটির প্রিমিয়ার হয় ভেনিস চলচ্চিত্র উৎসবে। পরেরটির জন্য টরন্টো চলচ্চিত্র উৎসবে পান ট্রিবিউট অ্যাওয়ার্ডস। ‘মাই পুলিশম্যান’ ৪ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।

‘ডোন্ট ওরি ডারর্লিং’–এর একটি দৃশ্যে হ্যারি স্টাইল ও ফ্লোরেন্স পিউ
ছবি : সংগৃহীত

অভিনয়ের জন্য ইদানীং ব্যাপকভাবে প্রশংসিত হলেও নিজেকে গানের মানুষ ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন হ্যারি, ‘আগে থেকেই যেহেতু গান করছি, ফলে এটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিনয়ে আসলে কী যে করছি, নিজেই জানি না।’

অভিনয় ও গান প্রসঙ্গে হ্যারি আরও বলেন, ‘গান তৈরি খুবই ব্যক্তিগত একটা ব্যাপার, যা আপনি নিজের মর্জি মতো করতে পারেন। অভিনয়ের ক্ষেত্রে সেটা হয় না, আপনাকে পর্দায় অন্য একটি চরিত্র হয়ে উঠতে হয়।’

‘মাই পুলিশম্যান’-এর দৃশ্যে এমা করিন ও হ্যারি স্টাইল
ইনস্টাগ্রাম

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও গান থেমে নেই। গত পাঁচ বছরে প্রকাশিত হয়েছে হ্যারি স্টাইলের তিনটি একক অ্যালবাম। যার মধ্যে সর্বশেষ ‘হ্যারিস হাউস’ মুক্তি পেয়েছে চলতি বছরের মে মাসে, যা সমালোচকদের প্রশংসার সঙ্গে ব্যবসায়িক সাফল্যও পায়। ইউকে অ্যালবাম চার্ট, যুক্তরাষ্ট্রের বিলবোর্ড টু হান্ড্রেড চার্টসহ আরও ১৩টি দেশের টপ চার্টের শীর্ষে ছিল।

হ্যারি স্টাইল
রয়টার্স ফাইল ছবি

হ্যারি এখন ব্যস্ত তাঁর ‘লাভ অন ট্যুর’ কনসার্ট নিয়ে। গত বছরের ৪ সেপ্টেম্বর শুরু হয়েছে কনসার্টটি। শেষ হবে আগামী বছরের ২২ জুলাই।

গান, অভিনয়ের বাইরে হ্যারি স্টাইলের প্রেম নিয়েও কম গুজব ছড়ায়নি। গত বছরের জানুয়ারি থেকে হ্যারি তাঁর ‘ডোন্ট ওরি ডার্লিং’ ছবির পরিচালক ও সহ-অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে প্রেম করছেন।

আরও পড়ুন
আরও পড়ুন