ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের ১০ বছর কারাদণ্ড
জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় এক ভক্তকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার, ৯ নভেম্বর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৫১ বছর বয়সী এই অভিনেতার সাজা ঘোষণা করেন বিচারক জোয়েল বেনাথান।
চার সপ্তাহের বিচার শেষে গত বৃহস্পতিবার সাতটি অভিযোগের মধ্যে চারটিতে ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করেন জুরিবোর্ড। এর মধ্যে রয়েছে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগ। ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং যৌন নিপীড়নের চেষ্টার একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
আদালতে উঠে আসে, ২০০৯ সালে নিজের একটি অনুষ্ঠানে পরিচয় হওয়া ২১ বছর বয়সী এক ভক্তকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ব্র্যান্ড। এ ছাড়া ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে একটি পানশালা, বেতারকেন্দ্র ও স্টুডিওতে আরও তিন নারীকে যৌন নিপীড়ন করেন তিনি। বিচার চলাকালে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেন ছয় নারী।
সাজা ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নারীদের অসম্মতির প্রতি ব্র্যান্ডের আচরণে উদাসীনতা ও ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। অভিযোগ সামনে আনার জন্য নারীদের সাহস ও দৃঢ়তারও প্রশংসা করেন বিচারক। শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্র্যান্ড। তাঁর দাবি, কারও সম্মতি ছাড়া তিনি কখনো যৌন সম্পর্কে জড়াননি।
আদালতে নারীদের অভিজ্ঞতা
সাজা ঘোষণার আগে অপরাধের কারণে ভুক্তভোগী নারীদের জীবনে কী প্রভাব পড়েছে, তা আদালতে তুলে ধরা হয়। যৌন অপরাধের অভিযোগকারীদের পরিচয় গোপন রাখার আইনি বিধান অনুযায়ী তাঁদের কারও নাম প্রকাশ করা হয়নি।
২০০৯ সালে ব্র্যান্ডের বাড়িতে ধর্ষণের শিকার নারী তাঁর বক্তব্যে জানান, ঘটনাটির যন্ত্রণা প্রতিদিন তাঁকে বয়ে বেড়াতে হয়। অনেক সময় মনে হয়, এর কোনো শেষ নেই। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে তাঁর মধ্যে সংশয় তৈরি হয়েছে। নিজের বিচারবুদ্ধির ওপরও আগের মতো আস্থা রাখতে পারেন না। ব্র্যান্ডের খ্যাতির কারণে অভিযোগ জানালে কেউ তাঁকে বিশ্বাস করবে না—এমন আশঙ্কাও ছিল তাঁর।
২০০৪ সালে একটি পানশালায় যৌন নিপীড়নের শিকার নারী আদালতে পর্দার আড়াল থেকে বক্তব্য দেন। তিনি জানান, সেদিন কী করা উচিত ছিল বা কী করতে পারতেন, সেই প্রশ্ন দুই দশকের বেশি সময় ধরে তাঁকে তাড়া করেছে। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে ব্র্যান্ডকে দেখে তাঁর শারীরিকভাবে অসুস্থ বোধ হতো।
বেতারকেন্দ্রে যৌন নিপীড়নের শিকার আরেক নারী জানান, ঘটনাটি তাঁর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। টেলিভিশনে ব্র্যান্ডের কণ্ঠ শুনলে কিংবা পর্দায় তাঁর ছবি দেখলে এখনো চমকে ওঠেন তিনি। স্টুডিওতে যৌন নিপীড়নের শিকার নারী বলেন, ঘটনার পর কর্মক্ষেত্রকে আর নিরাপদ মনে হতো না।
সাজা কমানোর আবেদন
সাজা ঘোষণার আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের শেষ বক্তব্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ কঠোর সাজা দাবি করে। অন্যদিকে সাজা কমানোর আবেদন জানিয়ে ব্র্যান্ডের আইনজীবী তাঁর দাতব্য কাজের কথা তুলে ধরেন। মাদক ও অ্যালকোহলের আসক্তি কাটিয়ে উঠতে অন্যদের সহায়তা করার কথাও জানান তিনি।
দুই পক্ষের বক্তব্য ও ভুক্তভোগীদের অভিজ্ঞতা বিবেচনা করে ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক।
এদিন আদালতে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের স্ত্রী লরা ও তাঁর বাবা। মামলার পুরো সময় স্ত্রী তাঁর পাশে ছিলেন। স্যুট পরে আদালতে আসেন ব্র্যান্ড। ভুক্তভোগীদের বক্তব্য শোনার সময় তাঁর হাতে ছিল জপমালা। গত বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। সাজা ঘোষণার পর তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগের তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এসব অভিযোগে এখনো নতুন কোনো দণ্ডাদেশ হয়নি।
যেভাবে সামনে আসে অভিযোগ
২০২৩ সালের সেপ্টেম্বরে ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন, নিয়ন্ত্রণমূলক আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসে। দ্য সানডে টাইমস, দ্য টাইমস ও চ্যানেল ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘ডিসপ্যাচেস’-এর যৌথ অনুসন্ধানে কয়েকজন নারী তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু করে মেট্রোপলিটন পুলিশ। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করে।
কে এই রাসেল ব্র্যান্ড
১৯৭৫ সালে ইংল্যান্ডের এসেক্সে জন্ম রাসেল ব্র্যান্ডের। স্ট্যান্ডআপ কমেডির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে ২০০০-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এমটিভিতে কাজ করার পাশাপাশি চ্যানেল ফোরের ‘বিগ ব্রাদার’স বিগ মাউথ’ অনুষ্ঠান তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে বিবিসি রেডিওতেও কাজ করেন।
ব্রিটিশ বিনোদনজগতের বাইরে হলিউডেও পরিচিতি পান ব্র্যান্ড। অভিনয় করেন ‘ফরগেটিং সারাহ মার্শাল’সহ বেশ কয়েকটি সিনেমায়। তবে তাঁর কৌতুক পরিবেশনায় নারীবিদ্বেষী বক্তব্য এবং নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়েও আলোচনা ছিল।
২০১০ সালে মার্কিন পপ তারকা কেটি পেরিকে বিয়ে করে আরও আলোচনায় আসেন তিনি। বিয়ের ১৪ মাসের মাথায় তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
পরবর্তী সময়ে মূলধারার বিনোদনজগৎ থেকে সরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে থাকেন ব্র্যান্ড। ষড়যন্ত্রতত্ত্ব প্রচার ও খ্রিষ্টধর্ম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলেও তাঁর অনুসারী বাড়ে।
বিবিসি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে