অদ্ভুত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অস্বস্তিতে ছিলেন কিট–সোফি
বিশ্বজুড়ে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’–এ তাঁরা ছিলেন ভাইবোন—জন স্নো ও সানসা স্টার্ক। দীর্ঘ আট মৌসুম দর্শক তাঁদের সেই সম্পর্কেই দেখে অভ্যস্ত। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। বহু বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন জন ও সানসা চরিত্রের অভিনয়শিল্পী কিট হ্যারিংটন ও সোফি টার্নার। আর এবার তাঁদের দেখা যাবে প্রেমিক-প্রেমিকার ভূমিকায়!
নতুন গথিক হরর চলচ্চিত্র ‘দ্য ড্রেডফুল’–এ অভিনয় করতে গিয়ে সেই অভিজ্ঞতা যে বেশ অস্বস্তিকর ছিল, তা স্বীকার করেছেন কিট হ্যারিংটন নিজেই।
‘এটা সত্যিই অদ্ভুত ছিল’
সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির আয়োজনে ‘অ্যাক্টরস অন অ্যাক্টরস’ অনুষ্ঠানে অভিনেতা পিটার ডিংকলেজের সঙ্গে আলাপচারিতায় কিট হ্যারিংটন বলেন, বহু বছর ধরে সোফিকে ছোট বোনের মতো দেখার পর তাঁর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা সহজ ছিল না।
কিটের ভাষায়, ‘এটা অদ্ভুত ছিল।’ তিনি জানান, ছবির প্রযোজক হিসেবেও যুক্ত থাকা সোফি টার্নারই তাঁকে ছবিটির চিত্রনাট্য পাঠিয়েছিলেন। তবে মজার বিষয় হলো, স্ক্রিপ্টে তাঁদের চরিত্রের ঘনিষ্ঠ দৃশ্যগুলোর কথা নাকি সোফির নিজেরই খেয়াল ছিল না।
কিট বলেন, ‘আমি স্ক্রিপ্ট পড়ে সোফিকে বলেছিলাম, সোফি, এখানে তো আমাদের অনেক রোমান্টিক দৃশ্য আছে! সে বিষয়টা নাকি সে নিজেই খেয়াল করেনি। সে শুধু ভেবেছিল, এই চরিত্রের জন্য আমিই উপযুক্ত।’
অভিনেতা আরও বলেন, তিনি সোফিকে ছোটবেলা থেকেই চেনেন এবং তাঁকে অনেকটা ছোট বোনের মতোই মনে করেন। ফলে পর্দায় তাঁদের প্রেমের সম্পর্ক ফুটিয়ে তোলা শুরুতে বেশ অস্বস্তিকর ছিল।
‘বিরক্তিকর ছিল, তবে শেষ পর্যন্ত ঠিকঠাক হয়েছে’
অস্বস্তি থাকলেও সহশিল্পী হিসেবে সোফির প্রশংসা করতে ভোলেননি কিট। তাঁর মতে, ‘আমরা কাজটা করেছি। কিছুটা বিরক্তিকর ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঠিকঠাক হয়েছে।’
এরপর সোফির অভিনয়দক্ষতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘সে অসাধারণ অভিনেত্রী। আমরা সবাই সেটা জানি। কিন্তু অনেকেই ভুলে যাই, সে যখন “গেম অব থ্রোনস” শুরু করেছিল, তখন সে ছিল শিশু। এখন সে দুর্দান্ত এক শিল্পীতে পরিণত হয়েছে।’
সোফির কাছেও অভিজ্ঞতাটা ছিল ‘খুবই অদ্ভুত’
শুধু কিট নন, সোফি টার্নারও একই অনুভূতির কথা জানিয়েছেন। সম্প্রতি ‘ভোগ’ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরোনো বন্ধু কিট হ্যারিংটনের সঙ্গে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করা তাঁর কাছেও অস্বাভাবিক লেগেছে।
সোফি বলেন, ‘গত বছর আমি আমার খুব ভালো বন্ধু কিট হ্যারিংটনের সঙ্গে একটি সিনেমা করেছি। “গেম অব থ্রোনস”-এ সে আমার ভাইয়ের চরিত্রে ছিল। কিন্তু এবার আমরা প্রেমিক-প্রেমিকা!’
ভক্তদের উদ্দেশে মজা করেই তিনি বলেন, ‘দুঃখিত, সবাই। এটা আমাদের সবার জন্যই বেশ অদ্ভুত।’
কী নিয়ে ‘দ্য ড্রেডফুল’?
ছবিতে সোফি টার্নার অভিনয় করেছেন অ্যান নামের এক তরুণীর চরিত্রে। তাঁর জীবন হঠাৎ বদলে যায় অতীতের এক রহস্যময় ব্যক্তির প্রত্যাবর্তনে। সেই চরিত্রেই দেখা যাবে কিট হ্যারিংটনকে।
এনডিটিভি অবলম্বনে