কী আছে নেটফ্লিক্সের আলোচিত ৫ সিনেমায়

‘থ্র্যাশ’ সিনেমার একটি দৃশ্য। ছবি: আইএমডিবি

স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রতিদিনই নতুন নতুন সিনেমা যোগ হচ্ছে। তবে সব সিনেমাই দর্শকদের মনে সমান আগ্রহ সৃষ্টি করতে পারে না। গল্পের বৈচিত্র্য, তারকাদের উপস্থিতি এবং ভিন্নধর্মী নির্মাণের কারণে কিছু চলচ্চিত্রই ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকে। অ্যাকশন, থ্রিলার, হরর থেকে রোমান্স—বিভিন্ন ঘরানার এমনই পাঁচটি জনপ্রিয় সিনেমার কথা জানাচ্ছি, যেগুলো গতকাল শনিবার পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা হয়েছে। কেন এই সিনেমাগুলো দেখছেন দর্শক, কী আছে এসব সিনেমায়।

১. ‘থ্র্যাশ’
তালিকার শীর্ষে রয়েছে ‘থ্র্যাশ’। হঠাৎ করে এক হারিকেন যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহরকে ধ্বংস করে ফেলে। জলোচ্ছ্বাসে নেমে আসে ভয়াবহ বিপর্যয় এবং বহু মানুষের মৃত্যু ঘটে। দেখা দেয় বিশৃঙ্খলা। আর সেই সঙ্গে আসে আরও ভয়ংকর আতঙ্ক—ক্ষুধার্ত হাঙরের আক্রমণ। অ্যাকশন ও থ্রিলারের মিশেলে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি করেছে।

‘রুমমেটস’ সিনেমার পোস্টার

২. ‘রুমমেটস’
দ্বিতীয় স্থানে রয়েছে ‘রুমমেটস’ সিনেমাটি, যা কলেজের রুমমেটদের গল্প নিয়ে নির্মিত। কলেজের নবীন ছাত্রী ডেভন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় সেলেস্টকে রুমমেট হিসেবে বেছে নেয়। শুরুতে তাদের বন্ধুত্ব ভালোভাবে গড়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটি ধীরে ধীরে নীরব প্রতিযোগিতায় রূপান্তরিত হয় এবং একসময় মানসিক লড়াই শুরু হয়। ড্রামা ও রোমান্সের মিশেল থাকা এই সিনেমাটি তরুণ দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে অভিনয় করেছেন স্যাডি স্যান্ডলার, ক্লো ইস্ট, বিলি ব্রিকসহ অনেকে।

‘ওয়ান হান্ড্রেড এইটি’ সিনেমার পোস্টার

৩. ‘ওয়ান হান্ড্রেড এইটি’
এই তালিকায় ৩ নম্বরে রয়েছে ‘ওয়ান হান্ড্রেড এইটি’ সিনেমাটি, যা ভয়ংকর এক সড়ক দুর্ঘটনা নিয়ে নির্মিত। একটি অপ্রত্যাশিত দুর্ঘটনায় গুরুতর আহত হয় একজনের ছেলে। তার ক্ষুব্ধ বাবা মানসিক অস্থিরতা ও প্রতিশোধের অন্ধকার পথে ধীরে ধীরে অগ্রসর হয়। প্রতিশোধের এই সিনেমাটি দক্ষিণ আফ্রিকার।

আরও পড়ুন
‘এসকেপ প্ল্যান ২: হেডিস’ সিনেমার পোস্টার

৪. ‘এসকেপ প্ল্যান ২: হেডিস’
অভিনেতা সিলভেস্টার স্ট্যালন অভিনীত ‘এসকেপ প্ল্যান ২: হেডিস’ বরাবরের মতোই এবারও দ্বিতীয় কিস্তিতে আলোচনা তৈরি করেছে। সিনেমায় দেখা যাবে নিরাপত্তাবিশেষজ্ঞ দলের একটি গোপন এবং উচ্চ প্রযুক্তির কারাগার ‘হেডিস’ থেকে একজনকে উদ্ধার করার মিশন। কঠোর নিরাপত্তা ও বিপজ্জনক পরিস্থিতিতে বুদ্ধি, কৌশল এবং লড়াইয়ের মাধ্যমে তারা বাঁচার পথ খোঁজে।

‘ট্রেভর নোয়া: জয় ইন দ্য ট্রেঞ্চেস’ সিনেমার পোস্টার

৫. ‘ট্রেভর নোয়া: জয় ইন দ্য ট্রেঞ্চেস’
এই তালিকার ৫ নম্বরে রয়েছে ‘ট্রেভর নোয়া: জয় ইন দ্য ট্রেঞ্চেস’ সিনেমাটি, যা মূলত একটি স্ট্যান্ডআপ কমেডি স্পেশাল। ট্রেভর নোয়া তার জীবন, সমাজ, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে হাস্যরসাত্মকভাবে কথা বলেন। তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর বুদ্ধিদীপ্ত কৌতুকের ভরা এই শো একসঙ্গে দর্শকদের ভাবায় ও বিনোদন দেয় এবং এ জন্যই এটি দর্শক পছন্দ করেছেন।