আসছে ব্রুস লির বায়োপিক, লি চরিত্রে অভিনয় করবেন আরেক লি
মার্শাল আর্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন ব্রুস লি। মার্শাল আর্টকে তিনিই সারা দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছিলেন। সারা বিশ্বেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল তাঁর তরুণ ভক্তদল। যুগে যুগে পশ্চিমা ও প্রাচ্যের সংস্কৃতি বা বিনোদন দুনিয়ার মধ্যে যোগসূত্র তৈরি করেছিলেন যাঁরা, তাঁদের অন্যতম ব্রুস লি। জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর চায়না টাউনে, ১৯৪০ সালের ২৭ নভেম্বর। মৃত্যু ১৯৭৩ সালের ২০ জুলাই। মৃত্যুর পর এত বছর পেরিয়ে গেলেও ব্রুস লি নানাভাবে নানা প্রসঙ্গে উঠে আসেন। এবার তাঁর বায়োপিকের ঘোষণা দিলেন অস্কারজয়ী নির্মাতা অ্যাং লি।
‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘লাইফ অব পাই’-এর কল্যাণে বিশ্ব চলচ্চিত্রে এক পরিচিত নাম অ্যাং লি। খ্যাতিমান এ নির্মাতার অনেক দিনের স্বপ্ন ব্রুস লির বায়োপিক নির্মাণ। অবশেষে সত্যি হতে চলেছে তাঁর স্বপ্ন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী ড্যান ফাটারম্যান ছবিটির চিত্রনাট্য লিখছেন। এর আগে সিনেমাটির আরেকটি খসড়া চিত্রনাট্য তৈরি করা হয়েছিল। সেটি লিখেছিলেন জিন ক্যাসটেলি, অ্যালেক্স ল ও ম্যাবেল চেয়ং এবং ওয়েলস টাওয়ার।
ছবিটি নিয়ে এক বিবৃতিতে অ্যাং লি বলেন, ‘এমন একজন অবিশ্বাস্য মানুষের গল্প বলতে যাচ্ছি, যিনি নিজের কঠোর পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন। তাঁর মতো একজনের গল্প নিয়ে কাজ করা দারুণ ব্যাপার।’
ব্রুস লির বায়োপিকে প্রয়াত মার্শাল আর্ট তারকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ম্যাসন লিকে। যিনি আর কেউ নন, পরিচালক অ্যাং লির সন্তান।
৩২ বছর বয়সী এই অভিনেতা অবশ্য অনেক দিন ধরেই চলচ্চিত্র ও টিভিতে কাজ করছেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমার একটি ‘দ্য হ্যাংওভার পার্ট টু’।