নিজের পরিচয় তৈরি করেছেন কোয়ালি

‘মেইড’–এ মার্গারেট কোয়ালি। ছবি: নেটফ্লিক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের পুত্র-কন্যাদের এ এক মুশকিল, মা-বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের নামে পরিচিতি পেতে অনেকটা সময় লেগে যায়। হলিউডের তরুণ অভিনেত্রী মার্গারেট কোয়ালির ক্ষেত্রেও তা–ই হয়েছে। তিনি যে অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েলের কন্যা, সে খবর এত দিন অনেকেরই জানা। তবে গত কয়েক বছরের প্রখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন কোয়ালি, তৈরি করেছেন নিজের পরিচিতি। ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’। ভ্যারাইটির সঙ্গে সাক্ষাৎকারে নানা বিষয় কথা বলেছেন ২৯ বছর বয়সী অভিনেত্রী।

ঠিক ১০ বছর আগে এইচবিওর সিরিজ ‘দ্য লেফটওভারস’ দিয়ে নজর কাড়েন কোয়ালি। এরপর তাঁকে দ্য নাইস গাই’, গেথ নোট' ইত্যাদি সিনেমায় দেখা যায়। পরে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ আর নেটফ্লিক্সের দুই সিরিজ ‘ফোসে/ভারডন’, ‘মেইড’ সমালোচকদের কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে।

‘মেইড’–এ মার্গারেট কোয়ালি। ছবি: নেটফ্লিক্স

কোয়ালির ক্যারিয়ারের গতিপথ বদলে দেন ইয়োর্গস লান্থিমোস, এই নির্মাতার আলোচিত দুই সিনেমা ‘পুওর থিংস’ ও ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এ অভিনয় করেই কার্যত মায়ের ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন কোয়ালি।

তবে অভিনেত্রী সবচেয়ে খুশি টারান্টিনোর সঙ্গে কাজ করে। কোয়ালির ভাষ্যে, ‘তিনি আমাকে খুবই পছন্দ করেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্য রকম। সেটে তিনি যেভাবে ছোট ছোট ব্যাপার ব্যাখ্যা করেন, সেটা থেকে অনেক কিছু শেখা যায়।’

আরও পড়ুন

তবে তরুণ এই অভিনেত্রী জানান, কয়েক বছর ধরে তিনি টানা কাজ করেছেন, সাফল্য বা ব্যর্থতা—কোনোটা নিয়েই মাথা ঘামাননি। চলতি বছর কাজের সংখ্যা কিছুটা কম, এটা তাঁর জন্য বেশ স্বস্তির। নতুন সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’ মুক্তির পর দর্শকেরা কীভাবে নেন, তা জানতে মুখিয়ে আছেন তিনি।

কোরালি ফারগেট পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’ বডি হরর ধাঁচের সিনেমা। যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি চলতি বছর কান উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। স্বর্ণপাম না জিতলেও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল। উৎসবের প্রদর্শনী শেষে সাড়ে চার মিনিটের স্ট্যান্ডিং ওভেশনও পায়, যা ছিল কোয়ালির কাছে পরাবাস্তব অভিজ্ঞতা। ভ্যারাইটির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কানে যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছিলাম, সেটা ছিল অবিশ্বাস্য। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পর আরও বেশিসংখ্যক দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন, তাঁদের প্রতিক্রিয়াও জানতে চাই।’
এ সিনেমায় কোয়ালি ছাড়াও আছেন ডেমি মুর।