এবারের অস্কার নিয়ে যে ১৭ তথ্য আপনি জানতেন না
আর মাত্র দুই দিনের অপেক্ষা, আগামী সোমবার ভোরেই শুরু হবে এবারের অস্কার অনুষ্ঠান। অস্কারকে সামনে রেখে বিভিন্ন মনোনয়ন, রেকর্ড ও মজার তথ্য নিয়ে আলোচনা জমে উঠেছে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারের অস্কার অনেক দিক থেকেই ব্যতিক্রমী—নতুন রেকর্ড, দীর্ঘদিনের অপেক্ষা, চমকপ্রদ পরিসংখ্যান সবই আছে। নিচে এবারের অস্কারকে ঘিরে ১৭টি উল্লেখযোগ্য ও মজার তথ্য তুলে ধরা হলো
সবচেয়ে বেশি আয় করা মনোনীত ছবি
চলতি বছরের অস্কার মনোনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে ‘জুটোপিয়া ২’। বিশ্বজুড়ে ছবিটি প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার আয় করেছে। তবে ইউরোপে ছবিটির নাম ‘জুট্রোপলিস ২’। কারণ, ডেনমার্কের একটি চিড়িয়াখানা আগে থেকেই ‘জুটোপিয়া’ নামটি ট্রেডমার্ক করে রেখেছিল।
এমা স্টোনের নতুন রেকর্ড
অভিনেত্রী এমা স্টোন এবার অস্কারে নতুন রেকর্ড গড়েছেন। মাত্র ৩৭ বছর বয়সে তিনি সাতটি অস্কার মনোনয়ন পেয়েছেন—যা কোনো নারী অভিনেত্রীর জন্য সবচেয়ে কম বয়সে অর্জিত রেকর্ড। এ ছাড়া তাঁর প্রথম পাঁচটি অস্কার মনোনীত ছবিই সেরা ছবির মনোনয়ন পেয়েছে—যা আর কোনো অভিনেত্রীর ক্ষেত্রে ঘটেনি।
‘ফ্রাঙ্কেনস্টাইন’–এর ২০৭ বছরের অপেক্ষা
মেরি শেলির বিখ্যাত উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’ প্রকাশিত হয়েছিল ১৮১৮ সালে। পরিচালক গিয়ের্মো দেল তোরের চলচ্চিত্র রূপ আসে ২০২৫ সালে। অর্থাৎ বই প্রকাশের ২০৭ বছর পর এটি বড় পর্দায় নতুন করে হাজির হয়েছে।
সিনেমা থেকেই নাম পাওয়া অভিনেত্রী
নতুন অভিনেত্রী চেজ ইনফিনিটি নামই এসেছে সিনেমা থেকে। তাঁর নামের প্রথম অংশ এসেছে ‘ব্যাটম্যান ফরএভার’ ছবির চরিত্র ‘চেজ মেরিডিয়ান’ থেকে এবং ‘ইনফিনিটি’ এসেছে ‘টয় স্টোরি’–এর বিখ্যাত সংলাপ ‘টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড’ থেকে।
বহুদিন পর অস্কারের স্বীকৃতি
ব্রিটিশ অভিনেত্রী মিরিয়াম মার্গলিজ দীর্ঘদিন ধরে অস্কার মনোনয়ন না পাওয়ার অভিযোগ করে আসছিলেন। এবার তিনি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আ ফ্রেন্ড অব ডরোথি’র জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন।
পরিচালক–অভিনেতার জুটি
এবারের অস্কারে কয়েকটি পরিচালক–অভিনেতা জুটি বিশেষভাবে আলোচনায় এসেছে, যাঁরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন। যেমন ইথান হক–রিচার্ড লিঙ্কলেটার, মাইকেল বি. জর্ডান–রায়ান কুগলার ও এমা স্টোন–ইয়োর্গোস ল্যান্থিমোস।
আইরিশ অভিনেত্রীর সম্ভাব্য ইতিহাস
অভিনেত্রী জেসি বাকলি যদি এবার সেরা অভিনেত্রীর অস্কার জেতেন, তাহলে তিনিই হবেন প্রথম আইরিশ অভিনেত্রী যিনি এই বিভাগে জিতবেন। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ নিয়ে এর মধ্যেই তিনি গোল্ডেন গ্লোব ও অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতেছেন।
ব্র্যাড পিটের ছবির ব্যতিক্রমী মনোনয়ন
ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’ ছবিটি সেরা ছবির মনোনয়ন পেয়েছে। আশ্চর্যের বিষয় হলো—এতে পরিচালক, চিত্রনাট্য বা অভিনয়ের কোনো মনোনয়ন নেই। ১৯৯১ সালের ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’–এর পর এ ধরনের ঘটনা খুব কমই ঘটেছে।
অ্যানিমেশন ও গানের ডাবল জয়ের সম্ভাবনা
গত বছর মুক্তির পর থেকেই ঝড় তুলেছিল নেটফ্লিক্সের সিনেমা ‘কে–পপ ডেমন হান্টার্স’। এটি একসঙ্গে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা মৌলিক গানের পুরস্কার জেতার সম্ভাবনা তৈরি করেছে।
একমাত্র মনোনীত অভিনেত্রীরা
তিন অভিনেত্রী—রোজ বার্ন, কেট হাডসন ও অ্যামি মুলিগান—নিজ নিজ ছবির একমাত্র অস্কার মনোনয়ন পেয়েছেন। অর্থাৎ তাঁদের অভিনীত সিনেমাগুলো আর কোনো বিভাগে মনোনয়ন পায়নি।
শ্যালামের ঐতিহাসিক মনোনয়ন ‘মার্টি সুপ্রিম’ অভিনেতা টিমোথি শ্যালামে মাত্র ৩০ বছর বয়সে তৃতীয়বারের মতো অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। এর আগে একই বয়সে এমন অর্জন ছিল মার্লোন ব্রান্ডোর।
নরওয়ের দুই অভিনেতার মনোনয়ন
নরওয়ের অভিনেত্রী রেনাতে রেইনসভে ও ইঙ্গা ইবসডটার লিলিয়াস এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন। ইতিহাসে খুব কম নরওয়েজিয়ান অভিনেতাই এই সম্মান পেয়েছেন। তাঁরা দুজনই অভিনয় করেছেন ইয়েকিম ট্রিয়েরের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমায়।
ডিক্যাপ্রিওর নতুন মাইলফলক
লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার জন্য। এটি তাঁর অভিনীত ১২তম ছবি, যা সেরা ছবির মনোনয়ন পেয়েছে। তিনি ছাড়াও এ কৃতিত্ব আছে রবার্ট ডি নিরোর, তাঁর অভিনীত ১২টি সিনেমাও অস্কারে সেরা ছবির মনোনয়ন পেয়েছিল।
বিদেশি ভাষার চলচ্চিত্র থেকে মনোনয়ন ওয়ার্গার মৌরা অভিনীত ব্রাজিলের সিনেমা ‘দ্য সিক্রেট এজেন্ট’–এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। পুরোপুরি অ-ইংরেজি ভাষার ছবির অভিনেতা হিসেবে এটি বিরল ঘটনা।
দীর্ঘ বিরতির পর মনোনয়ন
কেট হাডসন প্রায় ২৫ বছর পর আবার অস্কার মনোনয়ন পেয়েছেন। আর অ্যামি মুলিগান পেয়েছেন ৪০ বছর পর।
‘চমক’ মনোনয়ন
অভিনেতা ডেলরয় লিন্ডো বড় কোনো পুরস্কারের পূর্বাভাস ছাড়াই সরাসরি অস্কার মনোনয়ন পেয়েছেন—যা খুবই বিরল ঘটনা।
বিখ্যাত সংগীতের পুনর্ব্যবহার ক্লোয়ি ঝাওয়ের চলচ্চিত্র ‘হ্যামেনট’–এর শেষ দৃশ্যে ব্যবহৃত হয়েছে সুরকার ম্যাক্স রিখটারের বিখ্যাত সংগীত ‘অন দ্য নেচার অব ডেলাইট’, যা আগে ‘অ্যারাইফাল’ ও ‘শাটার আইল্যান্ড’সহ বহু চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে।
বিবিসি অবলম্বনে