একটু দেরি হলেই বাঁচানো যেত না তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য মামি’ সিনেমার একটি দৃশ্য

গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে থাকার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে মরতে বসেছিলেন হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। গলায় দড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন পায়ের আঙুলে ভর করে। স্টান্ট সমন্বয়ক যথারীতি দড়ি টেনে অভিনেতাকে ওপরে তুলে ফেললেন। কিন্তু ঝুলন্ত অভিনেতাকে নিচে নামাতে দেরি করে ফেললেন। আর এতেই বাধে বিপত্তি। সম্প্রতি ভয়ংকর এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন

শুটিংয়ে ঘটে যাওয়া এই ভয়াবহ অভিজ্ঞতা এখনকার নয়। এটি ঘটে ১৯৯৯ সালে, বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘দ্য মামি’ সিনেমার শুটিংয়ের সময়। এই সিনেমায় অসাধারণ অভিনয় করে ব্রেন্ডন ফ্রেজার জয় করে নিয়েছিলেন দর্শকের মন। সম্প্রতি অংশ নেওয়া একটি শোতে সেই সিনেমার শুটিংয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প শোনালেন অভিনেতা। তিনি জানান, গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে থাকার সময় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান। আরেকটু দেরি হলে মারা যেতেন তিনি।

‘দ্য মামি’ সিনেমার একটি দৃশ্য

এমন বিভীষিকাময় ঘটনার পরও ফিরে এসে অভিনয়ে কোনো ছাড় দেননি তিনি। পরে আরও কঠিন দৃশ্য করার সময়ও ঝুঁকির কথা ভাবেননি। স্টান্টম্যানের সব দৃশ্যে অভিনয় করতে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন একাধিকবার। করতে হয়েছে অস্ত্রোপচারও।

কষ্ট করলে কেষ্ট মেলে। প্রবাদটি ব্রেন্ডন ফ্রেজারের বেলাতেও মিলে যায়। শুটিংয়ে এতবার আহত হয়েও হাল ছাড়েননি তিনি। স্টিফেন সোমারস পরিচালিত এই অ্যাকশন-হরর সিনেমা ‘দ্য মামি’ পুরো বিশ্বে আয় করেছে প্রায় ৪১৬ মিলিয়ন ডলার। এই সিনেমা দিয়ে হলিউডে জনপ্রিয়তা পেয়ে যান ব্রেন্ডন ফ্রেজার। এই কষ্ট ও শুটিংয়ে এত ঝুঁকি নেওয়া বিফলে যায়নি ব্রেন্ডন ফ্রেজারের।

আরও পড়ুন