শীর্ষে নেই হলিউড, চমক চীন-বলিউডের ঘরে

‘পেগাসাস-৩’ সিনেমার পোস্টার

তিন মাস আন্তর্জাতিক বক্স অফিস ছিল প্রতিযোগিতায় ভরা। নিয়মিত বক্স অফিসের শীর্ষ দখল করে রাখা হলিউড সিনেমা তালিকা থেকে ছিটকে পড়ছে। এ বছর এখন পর্যন্ত আয়ে শীর্ষে থাকা ১০ সিনেমার ৪টিই চীনা। বিগত বছরের তুলনায় এটা রেকর্ড। এ ছাড়া এই তালিকায় চলতি বছর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বলিউড সিনেমা। গত শুক্রবার পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলা শীর্ষ ১০ সিনেমার আয় সম্পর্কে জেনে নিতে পারেন।

চীনের মান্দারিন ভাষার সিনেমা ‘পেগাসাস-৩’ মুক্তি পায় গত ২৭ ফেব্রুয়ারি। শুরু থেকেই বক্স অফিসে সিনেমাটি দাপট দেখিয়েছে। গত এক মাসেও সিনেমাটির আয় শীর্ষে। সিনেমাটির সব মিলিয়ে আয় ৬০ কোটি ডলার।

প্রজেক্ট হেইল মেরি মুভির পোস্টার

২০ মার্চ মুক্তি পায় ‘প্রজেক্ট হেইল মেরি’। সায়েন্স ফিকশন সিনেমাটি অল্প সময়েই আয়ের তালিকায় ২ নম্বরে উঠে গেছে। রায়ান গসলিং অভিনীত সিনেমাটির আয় ৩৩ কোটি ডলার। একজন বিজ্ঞানশিক্ষকের রহস্যময় গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে।
আয়ের এই তালিকায় অ্যানিমেল অ্যাডভেঞ্চার ‘হোপারস’ ৩ নম্বরে রয়েছে। হলিউডের সিনেমাটির আয় ৩০ কোটি ডলার।

অন্যদিকে ‘ওয়েদারিং হাইটস’ ২৩ কোটি ডলার আয় করে বর্তমানে বক্স অফিস আয়ে ৪ নম্বরে রয়েছে। রোমান্টিক জনরার ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে তুলে ধরা হয়েছে হিথক্লিফ ও ক্যাথরিনের প্রেমের গল্প।

‘হোপারস’ সিনেমার পোস্টার

মাস্ক পরে শহরে হামলা চালায় ভয়ংকর খুনি। এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের রহস্য। সিনেমাটির নাম ‘স্ক্রিম-৭’। এটি বক্স অফিস আয়ে ৫ নম্বরে রয়েছে। হরর ও রহস্যেভরা সিনেমাটি গত ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। সিনেমাটির আয় ২০ কোটি ডলার।
চীনের সিনেমা ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’ ৬ নম্বরে রয়েছে। সিনেমাটির আয় ১৯ দশমিক ৮ কোটি ডলার।

৭ নম্বরে জায়গা করে নিয়েছে চীনের আরেক সিনেমা ‘স্কেয়ার আউট’। গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস হওয়াকে কেন্দ্র করে থ্রিলার ও ড্রামা জনরার সিনেমা। গত ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটির আয় ১৮ দশমিক ৬ কোটি ডলার।
৮ নম্বরে রয়েছে অ্যানিমেশন সিনেমা ‘গোট’। একটি ছাগলের স্বপ্ন পূরণের গল্প নিয়েই এই সিনেমা। সিনেমাটির আয় ১৮ কোটি ডলার।

আরও পড়ুন
‘ধুরন্ধর ২’ সিনেমার পোস্টার

আন্তর্জাতিক বক্স অফিসে ১০-এর মধ্যে খুবই কম বলিউডের সিনেমা থাকে। এবার ‘ধুরন্ধর ২’ জায়গা করে নিয়েছে। সিনেমাটি ৯ নম্বরে রয়েছে। রণবীর সিং অভিনীত সিনেমাটি ১৯ মার্চ মুক্তি পেয়ে অল্প সময়েই আন্তর্জাতিক বাজার থেকে ১৫ কোটি ডলারের বেশি আয় করেছে।

১০ নম্বরে রয়েছে ‘বুনি বিয়ার্স: দ্য হিডেন প্রোটেক্টর’। এটিও চীনের সিনেমা, আয় ১৪ কোটি ডলার। সিনেমাটির গল্প দুই ভালুক বন রক্ষার মিশনে যুক্ত হয়ে একটি গুপ্ত বিপদের হাত থেকে বনকে রক্ষা করে। ১৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এটি মুক্তি পায়।