ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের আগে ফুঁপিয়ে কেঁদেছিলাম: সালমা হায়েক

সালমা হায়েক। ছবি: আইএমডিবি

১৯৯৫ সালে মুক্তি পায় সিনেমা ‘ডেসপারাডো’। আমেরিকান নিউ ওয়েস্টার্ন অ্যাকশনের এই চলচ্চিত্র অভিনেত্রী সালমা হায়েকের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই সিনেমা তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নিলেও বিতর্ক রয়েই গিয়েছিল। কারণ, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে তাঁকে অভিনয় করতে হয়েছিল। টুডে ডটকমের একটি পডকাস্টে সেই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন সালমা। জানিয়েছেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের আগে ফুঁপিয়ে কেঁদেছিলাম।’

সহশিল্পীর সঙ্গে সালমা হায়েক। ছবি: আইএমডিবি

সাক্ষাৎকারে সালমা হায়েক জানান, দৃশ্যটি ধারণের আগে তিনি ভয় পাচ্ছিলেন। বিশেষ করে সহশিল্পী বিষয়টিকে হালকাভাবে নেবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন। তিনি বলেন, ‘বান্দেরাস (আন্তোনিও বান্দেরাস) পুরো পরিস্থিতিতে ছিলেন ভীষণ সহানুভূতিশীল ও ভদ্র।’ সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন আন্তোনিও বান্দেরাস। তিনি এল মারিয়াচি চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে সালমা হায়েকের চরিত্রের নাম ছিল ক্যারোলিনা।

সালমা হায়েক
ছবি: এএফপি

সহশিল্পীর সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। তাঁরা ভালো বন্ধুও ছিলেন। বান্দেরাস ছিলেন খুব মিশুক প্রকৃতির। এটাই সালমা হায়েকের জন্য ভয়ের কারণ ছিল। তিনি বলেন, ‘আমি শুটিং শুরু করতে যাচ্ছি। আমি জানি না যে আমি কী করতে পারি, আর কী করব। ভয় পেয়েছিলাম। তখন আমি কেঁদে ফেলি।’

অভিনেত্রী স্মৃতিচারণা করে আরও বলেন, ‘এমন খোলামেলা দৃশ্যে অভিনয় করার ব্যাপারটা অস্বস্তির ছিল। যে কারণে বারবার বিব্রত হচ্ছিলাম। সহশিল্পী আমাকে নানাভাবে সহায়তা করার চেষ্টা করছিল। কিন্তু আমি এতটাই বিব্রত যে কান্না থামাতে পারিনি।’

আরও পড়ুন
সালমা হায়েক
ছবি: ইনস্টাগ্রাম

সালমা জানান, পুরো দৃশ্যজুড়ে স্বাভাবিক হতে পারছিলেন না। শরীর থেকে তোয়ালে ছাড়তে চাইলেও বারবার সংকোচে পড়ে যাচ্ছিলেন। নির্মাতা ও কলাকুশলীরা পরিবেশ হালকা করার চেষ্টা করলেও তিনি বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে তাঁরা দৃশ্যটি সম্পন্ন করেন। সিনেমাটি পরিচালনা করেন রবার্ট রদ্রিগেজ। এটি ব্যবসায়িকভাবেও সফল হয়।