পদত্যাগ করলেন স্মিথ, অস্কারের আয়োজনে ভোট দিতে পারবেন না

অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ ও স্ত্রী জাডা পিংকেট স্মিথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারের মঞ্চে চলমান অনুষ্ঠানে ক্রিস রককে চড় মারার কারণে আগেই ক্ষমা চেয়েছিলেন। এবার এই ঘটনার জেরে গতকাল শুক্রবার একাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ। সেই সঙ্গে তিনি জানালেন, কর্তৃপক্ষের যেকোনো শাস্তির সিদ্ধান্ত মেনে নেবেন তিনি।
গতকাল এক বিবৃতিতে উইল স্মিথ বলেছেন, ‘৯৪তম অস্কার একাডেমি পুরস্কার অনুষ্ঠানে আমার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়। আমি একাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্যান্য যাঁরা নিজেদের অসাধারণ কাজের জন্য মনোনীত এবং বিজয়ী হয়েছেন তাঁদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, একাডেমি নিজের মতো কাজ করে এগিয়ে যাক। চলচ্চিত্রজগৎ আরও সমৃদ্ধ হোক।’

বিবৃতিতে তিনি আরও বলেছেন, ভবিষ্যতে যাতে এমন হিংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখা যায়, সে জন্য চেষ্টা করব। ফিল্ম একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানিয়েছেন,‘স্মিথের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আমাদের পরবর্তী নির্ধারিত বোর্ড সভা ১৮ এপ্রিল। তার আগে আমরা একাডেমির আচরণের শৃঙ্খলাভঙ্গের জন্য স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যে কার্যক্রম শুরু করেছি, তা অব্যাহত থাকবে।’

‘কিং রিচার্ড’ ছবির জন্য ৫৩ বসন্ত পেরিয়ে উইল স্মিথ পেলেন অস্কারের স্পর্শ। যদিও অনেকে বলেন, ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’ (২০০৬) সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য আগেই তাঁর এ পুরস্কারের স্পর্শ পাওয়া উচিত ছিল

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, পদত্যাগ করলেও উইল স্মিথের প্রাপ্ত পুরস্কার তাঁর কাছে থাকবে। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোনয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন। কিন্তু অস্কারের কোনো আয়োজনে ভোট দিতে পারবেন না।

প্রসঙ্গত, গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার বিতরণের সময় পুরস্কার দিতে আসা ক্রিস রককে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করেছিলেন রক। অ্যালোপেসিয়া রোগে পিঙ্কেটের চুল ঝরে পড়েছিল। তাঁকে ‘জিআই জেন’ ছবির অভিনেত্রীর মতো দেখাচ্ছিল, এ রকম ইঙ্গিত করেন রক। বিষয়টি মেনে নিতে পারেননি স্মিথ। তবে চড় মারার পর দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনার এক ঘণ্টা পরই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ।

মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ
ছবি–রয়টার্স

বোস্টনে একটি স্ট্যান্ড-আপ অনুষ্ঠানে ক্রিস রক বলেছেন, চড় মারায় উইল স্মিথের বিরুদ্ধে কোনো মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সেদিন যা ঘটেছে, তার মধ্য থেকে এখনো বের হতে পারেননি ক্রিস রক।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন