ঈদের ওটিটিতে কী দেখবেন

ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন ওয়েব ফিল্ম। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোরও ওটিটি প্রিমিয়ার হবে।

ঈদ উপলক্ষে ওটিটি এসেছে নতুন সিনেমা। কোলাজ

চরকি
ঈদুল ফিতরে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে ‘দম’। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহের পর সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরও আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরী।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দম’–এর দৃশ্যে আফরান নিশো ও পূজা চেরী। ছবি: চরকির সৌজন্যে

হইচই
ঈদুল ফিতরে সাড়াজাগানো আরেকটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তানিম নূরের সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটিতে। সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।

‘বনলতা এক্সপ্রেস’–এর দৃশ্য। ছবি: ফেসবুক থেকে

আইস্ক্রিন
ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস আর্তনাদ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আকা রেজা গালিব পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। গল্পে উঠে এসেছে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রামের গল্প। জটিল ও আবেগঘন এই চরিত্রেই মৌকে দেখা যাবে। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, নাফিসা মালিয়াত ও মনীষা শিকদার।

‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ

এ ছাড়া প্ল্যাটফর্মটিতে আরও দেখা যাবে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। হাইপারলিংক ন্যারেটিভে চারটি আলাদা জীবনকে তুলে ধরেছেন রাফী। এতে অভিনয় করেছেন  নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রিজভী রিজু, আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, আয়মন শিমলা, নাঈমা আলম মাহা।

আরও পড়ুন

বঙ্গ
সীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগ, ভালোবাসা ও দূরত্বের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘তাজমহল’ মুক্তি পাবে ঈদে। এটি বানিয়েছেন ওয়াহিদ আনাম। ওয়েব ফিল্মটি দিয়ে বাংলাদেশের প্রকল্পে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজা দত্তের। সৃজার বিপরীতে আছেন ফাইজুল ইয়ামিন। আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধা প্রমুখ। ঈদের দিন থেকে বঙ্গতে দেখা যাবে সিনেমাটি। এ ছাড়া ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১২।

‘তাজমহল’ –এর দৃশ্য। ফেসবুক থেকে

উৎসব
নতুন এই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে গত ঈদের দুই সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রাক্ষস’। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’–এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবিতে তাঁর দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু। আর মেহেদী হাসানের রাক্ষস–এ আছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি।

‘প্রিন্স’ সিনেমার পোস্টার। আইএমডিবি