হলের পর ওটিটিতেও ‘দম’–এর জয়যাত্রা
ঈদুল ফিতরে মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে দম। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পরে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায় ‘দম’। যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে মাত্র ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহেই সিনেমাটি পৌঁছে যায় ৫০টি হলে। সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে যাঁরা হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তাঁরা এখন ঘরে বসেই ওটিটিতে সিনেমাটি উপভোগ করছেন। ফলে সিনেমাটির দর্শকসংখ্যা আরও বিস্তৃত হয়েছে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি জানিয়েছেন, চরকিতে মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই দম রেকর্ড পরিমাণ ওয়াচ টাইম ও সাবস্ক্রিপশন অর্জন করেছে। রেদওয়ান রনি বলেন, ‘চরকিতে দম মুক্তির পরপরই দেশ–বিদেশের দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পাচ্ছি, তা সত্যিই আনন্দের। এটি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে আরও অনেক বড় করবে বলে আমি বিশ্বাস করি।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও দম নিয়ে চলছে বিস্তর আলোচনা। দর্শক সিনেমাটি দেখে নিজেদের অনুভূতি জানাচ্ছেন নিয়মিত। ফেসবুকে আহমেদ মুতাহিন লিখেছেন, ‘ভাই রে ভাই, দম একেবারে মাইন্ড ব্লোয়িং! কী অসাধারণ অভিনয়!’ আরাফাত মারুফের ভাষায়, ‘পুরো সিনেমা দেখে আবেগপ্রবণ হয়ে গেছি। আফরান নিশোর অভিনয় ছিল দুর্দান্ত। আমার মতে, তিনি বাংলাদেশের সেরা অভিনেতাদের একজন।’ সাব্বির অর্ণব লিখেছেন, ‘মাত্র সিনেমাটা শেষ করলাম। বাস্তবে নুর ইসলাম ভাই মৃত্যুর সঙ্গে অনেক লড়াই করেছেন। আল্লাহ তাঁকে সত্যিই রক্ষা করেছেন; আর অভিনয় ছিল এককথায় মাস্টারপিস।’
আবদুল্লাহ শাকিলের মন্তব্য, ‘পর্দা থেকে চোখ সরানোর মতো না! ব্যতিক্রমী একটা সিনেমা। অনেক ভালো হয়েছে। এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য পুরো টিমকে ধন্যবাদ।’
দম দেখে তারকারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী অপি করিমের ভাষ্যে, ছবির লোকেশন, আয়োজন—সবকিছুতেই বোঝা যায়, পুরো টিম কতটা পরিশ্রম করেছে।
অপি করিম বলেন, ‘দম আছে দম–এর সবার।’ আফরান নিশোর অভিনয়েরও প্রশংসা করেছেন অপি করিম। তিনি লিখেছেন, ‘টুকটাক যা অভিনয় করেছি এত দিন—সেই সামান্য অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, শুটিংয়ের সময় তার কী গেছে! পারে ছেলেটা! ভালোবাসা অফুরান।’
সিনেমাটি নিয়ে দর্শকদের বিশেষ আগ্রহের অন্যতম কারণ আফরান নিশোর অভিনয়। তাঁর অভিনয় ও চরিত্র নির্মাণ নিয়ে দর্শকদের প্রশংসা থামছে না। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমার মনে আছে, একদম প্রথম যখন রনি আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই আমি সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম—এ রকম নই আমি। আমি নিজেকে সময় দিই। একজন পারফরমার হিসেবে যে ধরনের ভিশন কল্পনা করি বা নিজের যে গ্রোথটা চাই, তার জন্য গল্প খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দম আমার জন্য একদম পারফেক্টলি ফিট করেছে। হয়তো এ কারণেই দর্শকেরাও কাজটি পছন্দ করছেন।’
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আরও আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান। রেদওয়ান রনির সঙ্গে দম-এর চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি।