ক্ষমতার পালাবদলের খেলা নিয়ে ফিরছেন বীরেন্দর শেবাগ

বীরেন্দর শেবাগ। ফেসবুক থেকে

ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের সঞ্চালনায় রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুম আসছে। ২৬ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিওতে শুরু হবে অনুষ্ঠানটি। একই সঙ্গে এমএক্স প্লেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপেও বিনা মূল্যে দেখা যাবে এই রিয়েলিটি শো। প্রতিদিন প্রকাশিত হবে নতুন পর্ব।

এবারের মৌসুমে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নেবেন। ৪২ দিন ধরে চলবে প্রতিযোগিতা। এরই মধ্যে প্রথম চার প্রতিযোগীর নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর, বিজেপির রাজনীতিক ও সাবেক মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এবং টেলিভিশন অভিনেতা করণ প্যাটেল। অন্য ১১ জন প্রতিযোগীর নাম পর্যায়ক্রমে জানানো হবে।

‘রাইজ অ্যান্ড ফল’ তৈরি করছে বানিজয় এশিয়া। অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় একই নামের ফরম্যাট অনুসরণ করে। মূল অনুষ্ঠানটির নির্মাতা স্টুডিও ল্যামবার্ট।

ক্ষমতার পালাবদলের খেলা
‘রাইজ অ্যান্ড ফল’-এর মূল আকর্ষণ প্রতিযোগীদের ক্ষমতার অবস্থানের পরিবর্তন। প্রতিযোগিতায় কেউ থাকবেন ‘রুলার’, আবার কেউ ‘ওয়ার্কার’। প্রতিযোগীদের নিজেদের সিদ্ধান্ত ও খেলার কৌশলের ওপর নির্ভর করবে তাঁরা কোন অবস্থানে থাকবেন।

অর্থাৎ শুধু প্রতিযোগিতায় টিকে থাকাই নয়, ক্ষমতার অবস্থান ধরে রাখাও হবে বড় চ্যালেঞ্জ। একজন ‘রুলার’ থেকে ‘ওয়ার্কার’ হয়ে যেতে পারেন, আবার খেলার পরিস্থিতি বদলে গেলে একজন ‘ওয়ার্কার’ও উঠে আসতে পারেন ক্ষমতার কেন্দ্রে। স্ক্রিপ্ট অনুযায়ী নয়, প্রতিযোগীদের সিদ্ধান্তই এই পরিবর্তন নির্ধারণ করবে।

‘নতুন মাত্রার অভিজ্ঞতা’ প্রিয়াঙ্কার
প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এর আগে বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। তাঁর কাছে ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ক্ষমতার এই ওঠানামা।

প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমি বিভিন্ন ধরনের রিয়েলিটি টেলিভিশনের অভিজ্ঞতা পেয়েছি। কিন্তু “রাইজ অ্যান্ড ফল সিজন ২”খেলাটিতে একেবারে নতুন মাত্রা যোগ করেছে। রুলার থেকে ওয়ার্কার হয়ে যাওয়া এবং নিজের সিদ্ধান্তের কারণে নিজের অবস্থান বদলে যাওয়ার বিষয়টি আমার কাছে বিশেষভাবে রোমাঞ্চকর।’

রিয়েলিটি শোতে কাজের অভিজ্ঞতা নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে শিখিয়েছে বলেও জানান প্রিয়াঙ্কা। এবার অবশ্য ক্ষমতার সমীকরণ যুক্ত হওয়ায় খেলাটি আরও আলাদা হবে বলে মনে করছেন তিনি।

‘আমি খেলায় নিজের স্বভাব ও সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে চাই। যে অবস্থানই আসুক, সেটি গ্রহণ করে দেখতে চাই কত দূর যেতে পারি,’ বলেন প্রিয়াঙ্কা।

‘রাইজ অ্যান্ড ফল’-এর পোস্টার থেকে। এক্স থেকে

স্বরা ভাস্করের ‘মতামত প্রকাশের’ অভ্যাস
স্বরা ভাস্কর বরাবরই নিজের মতামত প্রকাশের জন্য পরিচিত। তাঁর এই স্বভাবই ‘রাইজ অ্যান্ড ফল’-এর মতো একটি অনুষ্ঠানে নতুন ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছেন তিনি।

স্বরা বলেন, ‘আমি সব সময় নিজের মতামত প্রকাশ করি। তাই “রাইজ অ্যান্ড ফল সিজন ২”-এর মতো একটি খেলায় অংশ নেওয়া আমার জন্য বেশ অভিজ্ঞতার হবে।’
অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ একসঙ্গে থাকবেন। সেখানে ক্ষমতা ও কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে প্রতিযোগীদের মতের পার্থক্য থেকেই নানা ধরনের সম্পর্ক ও সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করেন স্বরা।

অভিনয় থেকে এবার নিজের ভূমিকায় করণ
করণ প্যাটেল দীর্ঘদিন ধরে ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে নানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার অবশ্য কোনো চরিত্র নয়, নিজেকেই নিয়ে রিয়েলিটি শোতে হাজির হচ্ছেন করণ।

অভিনেতার কথায়, ‘মানুষ আমাকে এত বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে এবং টেলিভিশনের গল্প বলতে দেখেছে। কিন্তু “রাইজ অ্যান্ড ফল সিজন ২” আমাকে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গায় নিজের পরিচয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।’

প্রতিযোগিতার বিষয়টিই তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। খেলার পরিস্থিতি বদলে গেলে নিজের সিদ্ধান্তে অটল থাকা এবং প্রতিটি পদক্ষেপের দায়িত্ব নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন করণ।

আরও পড়ুন

‘উত্থান-পতন আমার জীবনের সঙ্গে মিলে যায়’
চতুর্থ প্রতিযোগী শেহজাদ পুনাওয়ালা রাজনীতিতে পরিচিত মুখ। নিজের জীবনের উত্থান-পতনের সঙ্গে অনুষ্ঠানের নামের মিল খুঁজে পেয়েছেন তিনি।
পুনাওয়ালার ভাষায়, ‘আমার জীবন ও যাত্রার সঙ্গে উত্থান-পতন শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আক্ষরিক অর্থেই অনুষ্ঠানটি আমার যাত্রার সঙ্গে মিলে যায়। একটি অধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে থাকে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ।’

বিভিন্ন মতের মানুষের সঙ্গে একই খেলায় অংশ নেওয়ার বিষয়টিও তাঁকে আকর্ষণ করছে। তাঁর মতে, সম্পূর্ণ অপরিচিত মানুষদের এমন একটি পরিস্থিতিতে যেতে হবে, যেখানে কখনো জোট বাঁধতে হবে, আবার কখনো একে অপরের বিপক্ষে দাঁড়াতে হবে।
নিজের রাজনৈতিক মতাদর্শের কথাও উল্লেখ করেছেন পুনাওয়ালা। তিনি বলেন, নিজের দৃষ্টিভঙ্গি জোরালোভাবে তুলে ধরার সুযোগ আছে, এমন জায়গা তিনি পছন্দ করেন। অনুষ্ঠানে ভারতের ইতিহাস নিয়ে কাউকে অবমাননাকর মন্তব্য করতে দেখলে তিনি তা মেনে নেবেন না বলেও মন্তব্য করেছেন।

তবে শেষ পর্যন্ত অনুষ্ঠানের সবচেয়ে হালকা দিকটিই মজার ছলে তুলে ধরেছেন তিনি। ছয় সপ্তাহ বাড়িভাড়া দিতে হবে না, এ বিষয়েও খুশি পুনাওয়ালা।
৪২ দিনের প্রতিযোগিতা

‘রাইজ অ্যান্ড ফল সিজন ২’-এ মোট ১৫ জন প্রতিযোগী অংশ নেবেন। ৪২ দিনের এই প্রতিযোগিতায় তাঁদের প্রতিনিয়ত নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি ক্ষমতার সমীকরণ সামলাতে হবে।

বীরেন্দর শেবাগের সঞ্চালনায় অনুষ্ঠানের নতুন মৌসুমটি ২৬ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিও ও এমএক্স প্লেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপে বিনা মূল্যে দেখা যাবে। প্রতিদিন প্রকাশিত হবে নতুন পর্ব। বাকি ১১ প্রতিযোগীর নামও শিগগিরই প্রকাশ করা হবে।

ভ্যারাইটি অবলম্বনে