সিয়াম–ফারিণ জুটির প্রথম সিনেমা, চলতি সপ্তাহে ওটিটিতে আরও যা দেখতে পারেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
পুনর্মিলনে
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
এর আগে নেটওয়ার্কের বাইরে ও উনিশ২০-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করে প্রশংসা পেয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এবার কাজিনদের (খালাতো, মামাতো, চাচাতো ও ফুফাতো ভাই–বোন) বন্ধুত্বের গল্পে পুনর্মিলনে নির্মাণ করেছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া সিনেমাটিতে আছেন গোলাম ফরিদা ছন্দা, মানস বন্দ্যোপাধ্যায়, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন প্রমুখ।
জানে জান
ধরন: ওয়েব ফিল্ম
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০০৫ সালে প্রকাশিত জাপানি উপন্যাস দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স নিয়ে আগে বেশ কয়েকটি সিনেমা হয়েছে। এবার উপন্যাসটি অবলম্বনে মিস্ট্রি, থ্রিলার সিনেমা বানিয়েছেন সুজয় ঘোষ।
এই সিনেমা দিয়েই ওটিটিতে যাত্রা শুরু হয়েছে কারিনা কাপুর খানের। তিনি ছাড়া সিনেমাটিতে আরও আছেন বিজয় ভার্মা, জয়দ্বীপ আহালওয়াত। পশ্চিমবঙ্গে কালিম্পংয়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় কারিনাকে দেখা গেছে একটি ক্যাফের মালকিনের চরিত্রে।
ফার্স্ট এক্স
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
চলতি বছরের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির দশম কিস্তি।
এবার সিনেমাটি উপভোগ করা যাচ্ছে ওটিটিতে। লুই লেটারিয়ার পরিচালিত তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, জেসন স্ট্যাথাম, হেলেন মিরেন, চার্লিজ থেরন, জেসন মোমোয়া, ব্রি লারসেন প্রমুখ।
ক্যাসান্দ্রো
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ২২ সেপ্টেম্বর
পেশাদার রেসলার সাউল আরমেনদারিজ পরিচিত ছিলেন ‘ক্যাসান্দ্রো’ নামে। তাঁর জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে আশির দশকে তাঁর উত্থান ও পরবর্তী ঘটনাপ্রবাহ। রজার রস পরিচালিত সিনেমাটিতে ক্যাসান্দ্রোর চরিত্রে অভিনয় করেছেন গায়েল গার্সিয়া বেরনাল।
স্টিল আপ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ২২ সেপ্টেম্বর
স্টিভ বার্জ ও নাতালি ওয়ালটারের ব্রিটিশ কমেডি সিরিজ। গল্প দুই সাংবাদিক লিসা ও ড্যানিকে নিয়ে। দুজনই অনিদ্রার রোগী। তাঁদের অদ্ভুত এক সম্পর্ক ঘিরে এগিয়েছে কমেডি সিরিজটির গল্প। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আন্তোনিয়া থমাস, ক্রেইগ রবার্টস প্রমুখ।
আথিদি
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
অসুস্থ স্ত্রী সন্ধ্যাকে নিয়ে এক বাড়িতে থাকেন লেখক রবি ভার্মা। এক বৃষ্টির রাতে বাড়িতে এসে আশ্রয় চান মায়া নামে রহস্যময় এক নারী। এরপর যা হয়, তা-ই নিয়ে এই থ্রিলার সিরিজ বানিয়েছেন ভারত ওয়াই.জি। এই দক্ষিণি সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেনু থোত্তেমপুদি, অবন্তিকা মিশ্র, ভেঙ্কোটেশ কাকামানু, অদিতি গৌতম।