রাজনীতি নিয়ে আলোচিত সেই সিনেমা, আগস্টে চরকিতে নতুন আরও যা থাকছে
আগস্টের প্রথম সপ্তাহেই চরকিতে আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এখানেই শেষ নয়, এই মাসের চার সপ্তাহে চারটি ভিন্ন ঘরানার কনটেন্ট মুক্তি দেবে চরকি। রয়েছে রাজনৈতিক গল্প, পারিবারিক কনটেন্ট, কমেডি ও অতিবাস্তবধর্মী ড্রামা।
চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চরকিতে এক্সক্লুসিভ হিসেবে আসছে ৬ আগস্ট। এটি সংগীতশিল্পী আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বিজ্ঞাপনচিত্র বানিয়ে হাত পাকানো সানির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’ ও ‘কেমনে কী’ গানের শিল্পী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার ব্যতিক্রমী নাম নিয়ে সানি বলেন, ‘আমরা প্রায়ই বলি, এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। বিষয়টা একধরনের ট্যাবুতে পরিণত হয়েছে। সেই ট্যাবু ভাঙতেই এই নাম দিয়েছি। নিষেধ নয়, রাজনৈতিক আলাপ আসলে জরুরি।’ তাঁর ভাষ্য, ‘গল্পে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাস বলার চেষ্টা করেছি।’
সিনেমাটির গল্পে দেখা যাবে, রাজনৈতিক দমন-পীড়ন ও ব্যক্তিগত ক্ষত নিয়ে দেশে ফিরে আসে প্রবাসী নূর। কিন্তু ফিরে এসে সে এমন এক বাংলাদেশকে আবিষ্কার করে, যা তার কাছে ক্রমেই অচেনা হয়ে ওঠে। অন্যদিকে তার ছোট ভাই মুক্ত আদর্শবাদী রাজনৈতিক কর্মী। পরিবর্তন দেশের ভেতর থেকেই সম্ভব—এই বিশ্বাসে সে সংগ্রামের পথ বেছে নেয়। রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম ও নিপীড়নের মধ্যেও মুক্ত মানুষের প্রতিরোধের গল্প লিপিবদ্ধ করতে থাকে। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্বে দুই ভাইয়ের সম্পর্কের মধ্যেও ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়।
নূর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তাঁর সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, তানভীর অপূর্ব ও কেয়া আল জান্নাহ। ইমতিয়াজ বর্ষণ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, আপামর জনসাধারণ রাজনৈতিকভাবে সচেতন হোক। আমাদের বিশ্বাস, ওটিটিতে মুক্তির পর রাজনৈতিক সচেতনতা তৈরিতে সিনেমাটি ভূমিকা রাখবে।’
আগস্টের দ্বিতীয় সপ্তাহে, ১৩ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক পরিচালিত এই কনটেন্টে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে আফজাল হোসেন ও আফসানা মিমিকে। একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সীমিত দৈর্ঘ্যের এই কনটেন্ট।
২০ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান পরিচালিত কমেডি ঘরানার কনটেন্টটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান। একজন উবারচালকের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে সুযোগ ও অপরাধের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে গল্পে। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় এটি নির্মিত হয়েছে।
মাসের শেষ সপ্তাহে, ২৭ আগস্ট মুক্তি পাবে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত এই কনটেন্টে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। অতিবাস্তব এক পৃথিবীকে পটভূমি করে নির্মিত কনটেন্টটিতে ভালোবাসা, আশা এবং ধ্বংসের মুখেও মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছার গল্প উঠে এসেছে।
আগস্টের কনটেন্টগুলো নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চার সপ্তাহে দর্শক চারটি ভিন্ন ঘরানার কাজ দেখতে পাবেন। সেপ্টেম্বরে আরও ভিন্ন ঘরানার কনটেন্ট মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক সেগুলোও উপভোগ করবেন।’