চা–বাগানের অজানা জীবনের খোঁজ নিয়ে ‘চা গরম’

‘চা গরম’–এর পোস্টার থেকে। চরকির সৌজন্যে

৫ এপ্রিল প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’–এর অফিশিয়াল পোস্টার, যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, গল্পটির সঙ্গে চায়ের সম্পর্ক রয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চা–বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাঁদের জীবনমানের কিছু কিছু অংশ এই ফিল্মে পাবেন দর্শকেরা। কিন্তু শঙ্খ দাশগুপ্ত এত সহজভাবে গল্প বলার নির্মাতা নন। চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ কিংবা প্রেক্ষাগৃহে তাঁর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র দর্শকেরা সেটা ভালোই জানেন।

সিনেমাটি নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশে চা–বাগান সব সময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা–বাগান একটা সুন্দর এলাকা, যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা–বাগান থাকবে—সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা–বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা–বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা–বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।’

শঙ্খ দাশগুপ্ত জানান, যখন তিনি চা–বাগানে গিয়ে গল্প তৈরির জন্য থাকা শুরু করলেন, তখন জানতে পারলেন, চা–বাগান সম্পর্কে খুব বেশি কিছু তিনি জানেন না, এমনকি সাধারণ মানুষও জানে না। সে জানা, না–জানা গল্পই হয়তো এবার ‘চা গরম’–এ দেখানোর প্রয়াস নিয়েছেন নির্মাতা। ধাপে ধাপে আরও চমকে যাওয়ার মতো তথ্য জানাবেন বলে জানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত।

‘চা গরম’ চরকিতে মুক্তি পাবে ১৪ এপ্রিল, পয়লা বৈশাখে। নতুন বছরে যেমন পুরোনো গ্লানিকে পিছে ফেলে নতুনের আহ্বান থাকে, সিনেমাটিতেও কি তেমন কিছু থাকবে? নির্মাতা অবশ্য তা নিয়ে এখনই কিছু বলতে চান না। সিনেমাটিতে অভিনয় করেছেন তরুণ শিল্পীরা—সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। পোস্টারে তাঁদের চরিত্র নিয়ে খুব ভালো ধারণা পাওয়া যায়নি। তবে শিগগিরই টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ বা অপেক্ষা দূর হবে দর্শকদের।  

‘চা গরম’ সিনেমায় দেখা যাবে সাফা কবির ও সারাহ জাবিন অদিতিকে। চরকির সৌজন্যে

ফিল্মটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘সিনেমাটির প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সব সময়ই ভিন্ন ধরনের গল্প বলেন এবং তাঁর কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। এই বিষয়টাই আমাকে এ কাজের অংশ হতে অনুপ্রাণিত করেছে।’

রেজওয়ান পারভেজ। চরকির সৌজন্যে

নির্মাতাকে দেখে কাজে যুক্ত হতে চেয়েছেন অভিনেতা রেজওয়ান পারভেজও। তবে নিজের চরিত্রটিরও প্রেমে পড়েছেন তিনি। অভিনেতা বলেন, ‘পরিচালকের সাম্প্রতিক কাজগুলো দেখে মনে হয়েছিল যে তাঁর সঙ্গে একটা কাজ করতে পারলে ভালো লাগবে। সেই সুযোগ পেলাম, এর সঙ্গে যে চরিত্রটা পেলাম, সেটাও খুব চ্যালেঞ্জিং। এ কথা কেন বলছি, সেটা টিজার বা ট্রেলার দেখতে বুঝতে পারবেন।’

আরও পড়ুন

সারাহ জাবিন অদিতি যুক্ত করলেন, ‘“চা গরম”–এর গল্পটা শোনার পর আমার যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হলো এই গল্পে খুব সাবলীলভাবে চা–বাগানের জীবনযাপনের কিছু কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে।’ আর পার্থ শেখ বলেন, ‘শঙ্খদা জানাল যে আমার জন্য একটা চরিত্র আছে। সব শুনে মনে হলো, এটা আমার জন্য ভালো সুযোগ, আর শঙ্খদার সঙ্গে এর আগে ফিকশনে কাজ করা হয়নি। গল্প ও চরিত্রটা শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম এবং মনে হলো, এমন কাজ খুব কম হয়েছে। তাই রাজি হয়ে গেলাম।’

রবি নিবেদিত এবং অক্সফামের সহপ্রযোজনায় নির্মিত ‘চা গরম’ মূলত একটি অনুপ্রেরণার গল্প বলে জানিয়েছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘জাতীয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনে বৈশাখ আসে নতুনের বার্তা নিয়ে। নতুন করে শুরু করার প্রত্যয় থাকে সবার মধ্যে। সেই উদ্দীপনাই আমরা কনটেন্টের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই। “চা গরম” দেখার মাধ্যমে ইতিবাচক মনোভাব তৈরি হোক, সেই প্রত্যাশা, সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।’    
গল্পে আরও আছেন এ কে আজাদ সেতু। ‘চা গরম’–এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।

‘চা গরম’ সিনেমায় পার্থ শেখ। চরকির সৌজন্যে