প্রেম–বিয়ে থেকে বিচ্ছেদ, প্রীতম–শেহতাজের সম্পর্কের নয় বছর

বাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে প্রীতম–শেহতাজের বিচ্ছেদের ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। কোলাজ

একটি গানের মিউজিক ভিডিও থেকে শুরু। প্রথমে পরিচয়, তারপর ভালো লাগা, প্রেম—আর সেই প্রেমকে কয়েক বছর আড়ালে রেখে বিয়ের ঘোষণা। প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের প্রেমকাহিনি ছিল অনেকটাই ব্যক্তিগত। ২০২২ সালে যখন তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে, তখন অনেকের কাছেই সেটি ছিল চমক। কারণ, তারকা হয়েও তাঁরা সম্পর্কটি দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি।

২০২৬ সালের অক্টোবরের শুরুতে এসে সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। এবার একসঙ্গে নয়, আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত জানিয়েছেন তাঁরা। গতকাল রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন প্রীতম ও শেহতাজ।

‘জাদুকর’ থেকে শুরু
প্রীতম ও শেহতাজের গল্পের শুরু ২০১৭ সালে। প্রীতম হাসানের গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। গানটির ভিডিওতে তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে তখন তাঁদের সম্পর্ক প্রকাশ্যে ছিল না।প্রীতম নিজেই পরে তাঁদের প্রথম পরিচয়ের গল্প বলেছিলেন। ২০২২ সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘জাদুকর’-এর শুটিং সেটেই শেহতাজের সঙ্গে তাঁর পরিচয়। প্রথম দেখাতেই তিনি বুঝেছিলেন, শেহতাজই তাঁর জীবনের মানুষ হতে পারেন। শেহতাজের কাছ থেকেও নিজের অনুভূতির প্রতিক্রিয়া পাওয়ার পর তিনি তাঁর মায়ের কাছে গিয়ে বিয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে সাক্ষাৎকারে জানান প্রীতম।

প্রীতম ও শেহতাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

পাঁচ বছর প্রেম, তারপর বিয়ে
দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালের অক্টোবরেই হঠাৎ বিয়ের খবর সামনে আসে; ২৭ অক্টোবর প্রীতম ও শেহতাজ শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে করতে যাচ্ছেন। পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় তাঁদের ভালো লাগা শুরু হয়েছিল এবং পরে তা প্রেমে পরিণত হয়।

সম্পর্ক ভাঙার আভাস কি আগে থেকেই ছিল
বিচ্ছেদের ঘোষণার পর প্রশ্ন উঠছে, তাহলে কি তাঁদের সম্পর্কের টানাপোড়েন আগে থেকেই ছিল?

আরও পড়ুন

তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বেশ কিছুদিন ধরে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল।
চলতি বছরের জানুয়ারিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।
তবে প্রীতম ও শেহতাজ দুজনের কেউই গণমাধ্যমে খুব একটা কথা বলেন না। বিয়ের পর দেওয়া কিছু সাক্ষাৎকার ছাড়া ব্যক্তিগত জীবনও সেভাবে প্রকাশ্যে আনেননি। তাই তাঁদের সম্পর্কের টানপোড়ানের আাঁচ সেভাবে পাওয়া যায়নি।
তাই বিবাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে তাঁদের বিচ্ছেদের ঘোষণা অনেককেই বিস্মিত করেছে।