প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন

প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমছবি: প্রীতম হাসানের ফেসবুক

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল–অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ রোববার রাতে ফেসবুকে আলাদা পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুজন। যোগাযোগ করা হলে প্রথম আলোকে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ।
প্রীতম তাঁর পোস্টে লিখেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রীতম। তিনি লিখেছেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’

আরও পড়ুন

কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সেটিও জানিয়েছেন প্রীতম। তাঁর ভাষ্যে, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

বিয়ের আসরে প্রীতম হাসান ও শেহতাজ
ফাইল ছবি

সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।
শেহতাজও নিজের ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা থাকবে বলেও লিখেছেন।
শেহতাজ জানিয়েছেন, সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো। পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাঁদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।
প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাঁদের পরিচয়, পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।

আরও পড়ুন
শেহতাজ-প্রীতম
ফাইল ছবি

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একসঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।
তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বেশ কিছুদিন ধরে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত আজ দুজনই প্রকাশ্যে জানালেন, দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।