মেয়ের চোখে শক্তিশালী নারী হতে চান কেটি
যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমকাহিনি এখন আর কারও অজানা নেই। দুজনেই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেছেন। ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরে তো পিপল সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথাও বলেছিলেন কেটি পেরি। পরে নিউইয়র্কের ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে পেরির কনসার্ট সিনেমা `কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর–লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ারে প্রথমবার জনসমক্ষে রেড কার্পেটে হেঁটেছিলেন। এবার তাঁদের দেখা গেল বিশ্বকাপ ফুটবলের মাঠে।
ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশের উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোফোন হাত নিয়েই ‘ওয়ান্ডার’ গেয়ে ঝড় তোলেন কেটি পেরি। সিলভার গাউনে কেটি পেরির পারফরম্যান্স ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠান শেষ হতেই দৌড়ে গিয়ে ট্রুডোকে জড়িয়ে ধরেন। মাঠেই চুম্বন করেন এই প্রেমিকযুগল। এবারই প্রথম তাঁদের প্রকাশ্যে চুমু খেতে দেখা গেল। পরে হাতে হাত রেখে ম্যাচ উপভোগ করেন দুজন।
কন্যার চোখে ‘শক্তিশালী নারী’ হতে চান কেটি
বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে তিনি পপ তারকা। কিন্তু কেটি পেরির কাছে এখন সবচেয়ে প্রিয় পরিচয় সম্ভবত ‘মা’। পাঁচ বছর বয়সী কন্যা ডেইজি ডাভকে বড় করে তোলার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন এই গায়িকা। তাঁর বিশ্বাস, সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা-মায়ের আত্মবিশ্বাসী জীবনযাপন। ট্রাইবেকা উৎসবে কনসার্ট সিনেমার প্রিমিয়ারে মাতৃত্ব, ক্যারিয়ার এবং মেয়েকে নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি।
গায়িকা বলেন, তাঁর ‘লাইফটাইমস ট্যুর’–এ কন্যা ডেইজিকে সঙ্গে নেওয়া তাঁর জন্য সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতাগুলোর একটি ছিল। তিনি বলেন, ‘মেয়েকে কর্মস্থলে নিয়ে যেতে পারাটা সব সময়ই অসাধারণ। একজন মা যখন নিজের প্রকৃত সত্তা নিয়ে বাঁচতে পারেন, তখন সেটাই সন্তানের জন্য সবচেয়ে ভালো উদাহরণ হয়ে ওঠে।’ তিনি আরও বলেন, ‘আমি শুধু চাই আমার মেয়ে একজন শক্তিশালী নারী হিসেবে আমাকে দেখুক।’
কেটি পেরির মতে, সন্তানের সামনে নিখুঁত হওয়ার চেষ্টা করার চেয়ে একজন সৎ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে তুলে ধরা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মা–বাবা হিসেবে আমরা মূলত সন্তানদের সামনে একটি উদাহরণ তৈরি করি। আমরা শুধু আশা করতে পারি, তারা একদিন আমাদের চেয়ে আরও ভালো মানুষ হয়ে উঠবে।’
ডেইজি ডাভের বাবা অভিনেতা অরল্যান্ডো ব্লুম। যদিও এই তারকা দম্পতি আলাদা হয়ে গেছেন তবু মেয়ের লালন-পালনে দুজনই সক্রিয়।
পিপলডটকম অবলম্বনে