রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজনকে আটক
যুক্তরাষ্ট্রের পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলির সময় রিয়ানা বাড়িতেই ছিলেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার বেলা ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এক নারী সন্দেহভাজনকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অ্যাসল্ট রাইফেলের খোসা পাওয়া গেছে।
এ ঘটনায় কেউ আহত হননি। পুলিশ জানায়, ত্রিশের কোঠার ওই নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে থেমে সাতটি গুলি ছুড়ে দ্রুত চলে যান। পরে গায়িকার বাড়ি থেকে প্রায় ৮ মাইল (১২ কিলোমিটার) দূরে তাঁর গাড়ি পাওয়া যায় এবং তাঁকে আটক করা হয়। এখনো তাঁর নাম প্রকাশ করা হয়নি।
রিয়ানার আসল নাম রবিন ফেন্টি। শূন্য দশকের শুরুতে ‘পন দে রিপ্লে’ ও ‘আমব্রেলা’গেয়েছে বিশ্বজুড়ে পরিচিতি পান। সম্প্রতি তাঁর প্রথম অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্যাপন করেছেন।
সংগীতের বাইরে ব্যবসায় নাম কামিয়েছেন তিনি। ২০১৭ সালে তিনি চালু করেন কসমেটিকস ব্র্যান্ড ফেন্টি বিউটি। অল্প সময়েই ব্র্যান্ডটি বৈশ্বিক সাফল্য পায়। এরপর আসে অন্তর্বাস ব্র্যান্ড স্যাভেজ এক্স ফেন্টি।
আন্তর্জাতিক সাময়িকী ফোর্বস জানিয়েছে, রিয়ানার সম্পদের পরিমাণ একসময় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি। বিশ্বের ধনীতম নারী সংগীতশিল্পীদের একজন তিনি।
বিবিসি অবলম্বনে