বিয়ে করলেন ‘গোল্ডেন’ গায়িকা ইজে
নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গায়িকা ও গীতিকার ইজে। এবার বিয়ে করলেন তিনি।
তাঁর বর সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিম। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। সোমবার ‘ভোগ’–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানা গেছে।
সিউলের গাংডং এলাকার স্টেজ ২৮-এ খোলা আকাশের নিচে বিয়ের আয়োজন করেন এই জুটি। জায়গাটি ইজের কাছে বিশেষ স্মৃতিবিজড়িত। সেখানে একসময় তাঁর নানা, বর্ষীয়ান কোরীয় অভিনেতা শিন ইয়ং-কিউনের বাড়ি ছিল। ইজের বড় ভাইয়ের বিয়েও হয়েছিল একই জায়গায়।
প্রথমে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। পরে সেই পরিকল্পনা বদলে দক্ষিণ কোরিয়ায় বিয়ের সিদ্ধান্ত নেন। এগিয়ে আনেন তারিখও।
সব মিলিয়ে বিয়ের প্রস্তুতির জন্য মাত্র চার মাস সময় পেয়েছিলেন তাঁরা। ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সাফল্যের পর প্রচারণার ব্যস্ততায় আগেই পিছিয়ে গিয়েছিল বিয়ের পরিকল্পনা।
ইজে ও স্যাম কিমের পরিচয় ২০১৭ সালের মে মাসে, একটি গানের কাজ করতে গিয়ে। প্রথমে সহকর্মী হিসেবে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে, পরে তা প্রেমে রূপ নেয়। ২০২৫ সালের জুনে বাগ্দান করেন তাঁরা।
বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠানে ছিল কোরীয় বিয়ের ঐতিহ্যবাহী রীতি ‘পেবেক’। এ রীতিতে নবদম্পতি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে নত হয়ে তাঁদের আশীর্বাদ নেন।
একসময় এসএম এন্টারটেইনমেন্টের প্রশিক্ষণার্থী ছিলেন ইজে। পরে গীতিকার হিসেবে কে-পপ সংগীতে পরিচিতি পান তিনি। রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি।
তবে বিশ্বজুড়ে তাঁর পরিচিতি এনে দেয় ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ গানটি। গানটির সহগীতিকার ও কণ্ঠশিল্পী ইজে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের পুরস্কার জেতে ‘গোল্ডেন’।
কোরিয়া হেরাল্ড অবলম্বনে