এই গানকে আর ধরে রাখতে পারলাম না
‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’ থেকে ‘গুলবাহার’—একের পর এক সাড়া জাগানো গানে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার।
এবার ‘যাব যাব মন’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন তিনি। মাঘী পূর্ণিমা উপলক্ষে গতকাল গানটি প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে ঈশান লিখেছেন, ‘এই গানকে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম শ্রোতাদের কাছে। এত দিন আত্মার খুব কাছাকাছি ছিল গানটা। যন্ত্রণাও দিয়েছে অনেক, সেই ওজন হয়তো আজ কমবে একটু।’
১৭ ঘণ্টার ব্যবধানে গানটির ভিডিও ইউটিউবে ২২ হাজারের বেশি বার দেখা হয়েছে। তিন শতাধিক মন্তব্য জমা পড়েছে। আরিয়ান শুভ নামে এক শ্রোতা লিখেছেন, ‘এত সুন্দর গান অনেক দিন পর শুনলাম।’
রেজওয়ান শেখ নামে আরেক শ্রোতা লিখেছেন, ‘ঈশানের গানে ’৯০ দশকের ছোঁয়া পাওয়া যায়, যার রেশ রয়ে যায় দিনের পর দিন।’
অর্পিতা নামে এক শ্রোতা লিখেছেন, ‘৫০ বারের ওপর শুনে ফেলেছি। আর একটা মাস্টারপিস হতে যাচ্ছে এটা।’
বাদল রায় নামে আরেক শ্রোতা লিখেছেন, ‘এর আগে আপনার কণ্ঠে কোন গান শুনিনি। কেউ একজন গানটি লিংক দিয়েছিল, আর গানটির প্রেমে পড়ে গেলাম।’
গানটির কথা লিখেছেন যশ নমুদার, যুগ্মভাবে সংগীতায়োজন করেছেন ঈশান ও দীপ্র আহমেদ। গানের ভিডিও চিত্রে আবদুল্লাহ আল সেন্টু ও মার্শিয়াকে দেখা গেছে।
‘যাব যাব মন’ ছাড়াও আরও দু–তিনটি গান রেকর্ড করেছেন ঈশান। ধারাবাহিকভাবে একে একে গানের ভিডিও প্রকাশ করবেন। এর বাইরে আরও কয়েকটি গান লেখা রয়েছে তাঁর।
২০২৩ সালে কোক স্টুডিও বাংলায় ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান ঈশান। ঈশানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।