বিয়ে করলেন তাইওয়ানিজ গায়ক, স্ত্রী কে
তাইওয়ানিজ–আমেরিকান গায়ক-অভিনেতা ভ্যানেস উ হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। তবে তিনি স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি। এরপরই শুরু হয় জল্পনা—কে সেই নারী?
তাইওয়ানের সংবাদমাধ্যম ইটিটুডে আজ মঙ্গলবার জানিয়েছে, ভ্যানেসের স্ত্রী জাপানি গায়িকা-অভিনেত্রী এমি আরামাকি। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ের নিবন্ধন করেন তাঁরা।
জাপানের ফুকুওকায় জন্ম এমির। ৯ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইতিহাস বিষয়ে পড়াশোনা শেষে টোকিও, লন্ডন ও লস অ্যাঞ্জেলেসে যাতায়াতের মধ্যেই গড়ে তোলেন সংগীত ও অভিনয়ের ক্যারিয়ার। ২০২১ সালের জুলাইয়ে প্রকাশ করেন তাঁর প্রথম একক গান ‘লোনলি নাইট’।
বিবিসির সিরিজ ‘দ্য হেয়ারড্রেসার মিস্ট্রিজ’ এবং সিবিএসের ‘এফবিআই: ইন্টারন্যাশনাল’–এর শেষ মৌসুমে কাজ করেছেন তিনি। এ ছাড়া স্টারবাকস ও অডির বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
এশিয়াওয়ানের খোঁজে দেখা গেছে, ইনস্টাগ্রামে এমি ভ্যানেসকে অনুসরণ করেন। তবে তাঁদের কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে বিয়ের খবর নিশ্চিত বা অস্বীকার করেননি।
গতকাল সোমবার ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দেন ভ্যানেস। একটি ছবিতে দেখা যায়, তিনি আরেকজনের হাত ধরে আছেন। দুজনের হাতে একই ধরনের বিয়ের আংটি।
ক্যাপশনে ভ্যানেস লেখেন, ‘২০২৬ সাল আমার জন্য অনেক আশীর্বাদ নিয়ে এসেছে। বন্ধুদের সঙ্গে আবার সফরে যেতে পারছি, মঞ্চে উঠে প্রিয় কাজটি করতে পারছি। আর এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকেও পেয়েছি।’
ভ্যানেস আরও লেখেন, ‘বছরের পর বছর যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবার সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। ঈশ্বর আপনাদেরও একই রকম ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।’
এর আগে ২০১৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা অ্যারিসা চিওকে বিয়ে করেছিলেন ভ্যানেস। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০০১ সালের জনপ্রিয় তাইওয়ানিজ নাটক মি‘টিওর গার্ডেন’-এ মেইজু চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে এফ ৪ ব্যান্ডের সদস্য হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
এশিয়াওয়ান অবলম্বনে