ভালোবাসা দিবসে গানও থাকছে, বেশি রোমাঞ্চিত হিমি
বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে হিমি ও রাফির গানচিত্র ‘দুজন দুজনার’। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পুলক অধিকারী। গানচিত্রে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেকের ব্যানারে গানটি মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি।
গানটি নিয়ে হিমি বলেন, ‘প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিও চিত্রে আবার নিজেই অভিনয় করেছি, সব মিলিয়ে অপেক্ষার তর সইছে না।’
গানটির গীতিকার কবির বকুল বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করতে সব সময় ভালো লাগে, রাফিকে প্রথমবার যখন শুনলাম, মনে হলো ওর ভেতর অনেক পটেনশিয়ালিটি আছে। আগে ইত্যাদিতে হিমির সঙ্গে একটি গান করেছিলাম, সেটি শ্রোতারা পছন্দ করেছিল। আশা করি, এই ভালোবাসা দিবসে এ জুটিও শ্রোতাদের মন জয় করবে।’