কেন দেবের কাছে দুঃখ প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। কবির হোসেন

ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি শেষ করেছেন ব্রাত্য বসুর সিনেমা ‘শেকড়’-এর কাজ। ঈদে তাঁকে দেখা যাবে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। সম্প্রতি পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন চঞ্চল। এই ভিডিও সাক্ষাৎকারে উঠে এসেছে নানা প্রসঙ্গ।

গৌতম ঘোষ, সৃজিত মুখার্জির পর এবার ব্রাত্য বসুর সঙ্গে কাজ করলেন চঞ্চল চৌধুরী। কলকাতার তিন নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, ‘প্রত্যেকটা মানুষের মধ্যেই তো তার নিজস্ব কিছু গুণ থাকে। কাউকে আলাদা করে আমি তুলনা করতে পারব না। যেমন শান্তিনিকেতনে গিয়ে আমি গৌতমদার সঙ্গেও দেখা করেছি। গৌতমদার বাড়িতে গেলাম, আন্তরিক যে সময়টুকু কাটল, এটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। গৌতমদা যতবার বাংলাদেশে গেছেন ততবারই দেখা হয়েছে বা যোগাযোগ হয়েছে। ব্রাত্যদার যে কানেক্ট করার ক্ষমতা, সেটা নিশ্চয়ই অন্য কারও সাথেই মিলবে না। আবার গৌতমদার যে ক্ষমতা, সেটাও কারও সাথে মিলবে না।’

‘পদাতিক’–এ চঞ্চল চৌধুরী। ছবি : নির্মাতার ফেসবুক থেকে

এই সাক্ষাৎকারেই চঞ্চল চৌধুরী প্রথমবারের মতো জানান, দুবার প্রস্তাব পেয়েও দেবের সঙ্গে কাজ করা হয়নি তাঁর। এ জন্য তিনি দেবের কাছে দুঃখ প্রকাশও করেছেন, ‘দেবের সঙ্গে “খাদান” আমার করার কথা ছিল। তার আগে আরেকটা ছবিতে করার কথা ছিল। শুধু শিডিউল জটিলতার কারণে করা হয়নি। এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে। আমরা ব্যক্তিগতভাবে দেশে বা বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি; ও খুব বেশি করে চেয়েছে আমি ওর সাথে কাজ করি, আমিও চেয়েছি। সবশেষ দেবের সঙ্গে দেখা হওয়ার পর বলেছি, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব।’

আরও পড়ুন

সামনে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়াও লীসা গাজীর ‘শাস্তি’ সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া পশ্চিমবঙ্গের আরেক নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের নতুন সিনেমার কথাও চলছে।