ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের রহস্যময় মৃত্যু

অনীক দত্ত। ফেসবুক থেকে

কলকাতার নির্মাতা অনীক দত্ত মারা গেছেন। আজ বুধবার দুপুরে স্থানীয় হাসপাতালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ প্রতিদিন, এই সময়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম।

আজ হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান অনীক দত্ত। ঢাকুরিয়ার কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর অবস্থা সংকটজনক বলে জানান চিকিৎসকেরা। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন পরিচালক। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। ভৌতিক কাহিনির আড়ালে রাজনৈতিক ও সামাজিক যে শ্লেষ উঠে এসেছিল সেই ছবিতে, তা বাংলা ছবিতে ‘মাইলস্টোন’ বলে রসিকজনেরা মনে করেন। একই ধাঁচে তার পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও একই বার্তা দিয়েছিলেন পরিচালক অনীক।

ভারতের বাংলা চলচ্চিত্রের সমকালীন নির্মাতাদের মধ্যে অনীক দত্ত গুরুত্বপূর্ণ নাম। ব্যঙ্গ, সমাজ-রাজনীতি, সাহিত্যনির্ভর গল্প আর বুদ্ধিদীপ্ত রসবোধ—এই চার উপাদান তাঁর সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে। মূলধারার বাইরে দাঁড়িয়ে তিনি এমন সব গল্প বলেছেন, যেখানে বিনোদনের পাশাপাশি থাকে সামাজিক পর্যবেক্ষণ এবং তীক্ষ্ণ মন্তব্য।

আরও পড়ুন

অনীক দত্ত জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। চলচ্চিত্রে আসার আগে দীর্ঘ সময় বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা তাঁর সিনেমার ভাষায়ও প্রভাব ফেলেছে। সংলাপ, দৃশ্য নির্মাণ ও ব্যঙ্গাত্মক উপস্থাপনায় বিজ্ঞাপনী জগতের ছাপ স্পষ্টভাবে দেখা যায়।