শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন, কে এই অভিনেতা
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখার্জি। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির টিজার। যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী। টিজারে মিলল এমন এক সময়ের ঝলক, যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা একসূত্রে বাঁধা।
ছবিটি নিয়ে পরিচালক সৃজিত বলেন, ‘আমার কাছে এটি হলো এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হলো কলম, আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার। বাস্তব ও সাহিত্যের দুই পরিসরেই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামের সেই উত্তাল সময়ের কথাই এই ছবি বলে।’
‘পথের দাবী’-র শতবর্ষের প্রাক্কালে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ফিরে দেখছে বাংলা সাহিত্যের এমন এক অধ্যায়কে, যেখানে শব্দ শুধু সাহিত্য ছিল না, ছিল প্রতিবাদের ভাষা। কিছু সৃষ্টি-সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় এক শ বছর পর সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত।
টিজারের শুরুতেই টোটা রায়চৌধুরীকে দেখা গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশে। পাক ধরা চুল। ভাঙা চোয়াল। এক মনে লেখালেখিতে ব্যস্ত অভিনেতা। অন্যদিকে আবির চট্টোপাধ্যায়কে দেখা গেল বন্দুকধারী ‘সব্যসাচী’বেশে। মিমি চক্রবর্তী অভিনীত চরিত্রটিও আলোচনায়। তারকাবহুল সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক। এই ছবির হাত ধরেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পা রাখছেন সংগীত পরিচালক হিসেবেও। ছবির সংগীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্বে রয়েছেন তিনি।
ছবির আবহসংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ সৃজনশীল দিক হলো মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কাজ। ঐতিহাসিক চরিত্র এবং সাহিত্যের পরিচিত চরিত্রগুলোকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
শরৎচন্দ্র ছাড়াও এই ছবিতে দেখা যাবে তৎকালীন আরও বহু ঐতিহাসিক ব্যক্তিত্বকে।রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশসহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রকে ঘিরেই এগোবে কাহিনি।
সংবাদ প্রতিদিন অবলম্বনে