মস্তিষ্কে টিউমার ধরা পড়ার ৯ মাস পর লাইভে তানিয়া...
সর্বশেষ সেই ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। তার পর থেকেই জীবনের কঠিন সময় পার করতে হয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এর মধ্যে তাঁর মস্তিষ্কে সার্জারি হয়, নিতে হচ্ছে কেমোথেরাপি। দীর্ঘ ৯ মাস পর এবার লাইভে এলেন এই অভিনেত্রী। এখন কেমন আছেন? সেগুলো নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন।
এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচার করে সেটা অপসারণ করা হয়। তার পর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান তানিয়া। সেখানেও দুটি সার্জারি করান। শারীরিক অসুস্থতায় তখনো তিনি কথা বলতেন না। এর মধ্যেই আজ শনিবার ফেসবুক লাইভে এলেন।
তানিয়া শুরুতেই বলেন, ‘আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন?’ এই সময় তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো। আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন। অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুইটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক।’
ভক্তদের সঙ্গে এ সময় আড্ডায় মেতে ওঠেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন। কেউ শারীরিক অবস্থা, কেউ বিয়ে করছেন কবে, কেউ কাজে ফেরা, কেউ অভিনয়ে ফেরা না–ফেরাসহ নানা প্রশ্ন করতে থাকেন।
ভক্তদের একটি প্রশ্নে তানিয়া বলেন, ‘এখনো আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো। অনেকেই জানতে চাইছেন আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন ফেরা উচিত হবে কি না। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
ভক্তদের বেশির ভাগ প্রশ্ন ছিল শারীরিক অবস্থা নিয়ে। তানিয়া বলেন, ‘আমি হয়তো না–ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন সব সময়ই চান আমি নাটকে ফিরি। তাঁরা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে তাঁরা আমার পাশে ছিলেন। তাঁরা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’
বর্তমানে তানিয়া চিকিৎসকের পরামর্শে রয়েছেন। তাঁর বেশির ভাগ সময় কাটে ছয়টি পোষা বিড়ালের সঙ্গে। বাইরে কোথাও গেলে তিনি বিড়ালগুলো নিয়ে যান। তাদের সঙ্গে ভালো সময় কাটে। এই সময় তিনি বলেন, ‘টানা ৯ মাস মানুষ আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁরা আমার শুভাকাঙ্ক্ষী। যাঁরা আমার সঙ্গে কথা বলেন, আমি তাঁদের সঙ্গে কথা বলি। তাঁরা আমাকে সম্মান করেন, পাশে থাকেন, আমার কাজগুলো দেখেন। তাঁরা চান আমি কাজে ফিরি। তাঁরা আমাকে বাজে ইঙ্গিত ও বাজে কথা বলেন না।’
সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’