চ্যানেল খুলেছেন সালাহউদ্দিন লাভলু

সালাহউদ্দিন লাভলু
ছবি: ফেসবুক থেকে

নিজেই এবার চ্যানেল খুলেছেন সালাহউদ্দিন লাভলু। ইউটিউব চ্যানেলটির নাম ‘সালাহউদ্দিন লাভলু ড্রামাস’। গতকাল বৃহস্পতিবার থেকে নাটক প্রকাশও শুরু করেছেন। এখন থেকে নিজের চ্যানেলের জন্যই নাটক বানাবেন এই নির্মাতা–অভিনেতা।

কেন এমন সিদ্ধান্ত? এমন প্রশ্নে লাভলু গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ‘আমার নাটক সব সময়ই ছিল তারকাবহুল। এসব নাটক আলোচনা তৈরি করেছে। সেই নাটকগুলো এখনো দর্শক দেখেন। হাজার হাজার কমেন্ট, “লাভলু ভাই সেই রঙের মেলা, ভবের হাট, সাকিন সারিসুরি, সোনার পাখি রুপার পাখির মতো নাটক চাই।” কিন্তু আমি নির্মাণে সেই সুযোগ বিভিন্ন কারণে পাচ্ছিলাম না। অনেকটা অসম্ভবই হয়ে যাচ্ছিল।’

নাটকের সেটে সালাহউদ্দিন লাভলু
ছবি: ফেসবুক থেকে

কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নাটক বানাতে গেলে ভিউ বা ভাইরাল নিয়ে বাড়তি চাপ থাকে। যত উটকো গল্প আছে, অনেকে সেসব নিয়ে কাজ করতে চান। এসব বিষয়ে পরিচালক হিসেবে মানসিক চাপে ছিলাম। চাপমুক্ত হওয়ার জন্য বেসিক্যালি নিজের চ্যানেল ওপেন করা। মনে হলো স্বাধীনভাবে কাজ করা দরকার।’

লাভলু জানালেন, ভাইরাল কোনো ট্রেন্ডে তিনি গা ভাসাতে চান না। দেশের দর্শকদের নিজের মতো করে গল্প দিতে চান। ‘আমাদের নিজস্ব সংস্কৃতিকে যেটা রিফ্লেক্ট করে, যেটা আমাদের কথা বলে, আগের মতো সেই ধরনের বিষয়বস্তু নিয়েই নাটক করতে চাই। এখানে সময়ের ছাপ থাকবে।’

সালাহউদ্দিন লাভলু
ছবি: খালেদ সরকার

লাভলু বলেন, শুরুতে বড় বাজেটে না গিয়ে ছোট গল্পের ধাঁচে এক নিশ্বাসে দেখে ফেলার মতো গল্প নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘চ্যানেলটির কথা ফেসবুকে ঘোষণার মাত্র ১২ ঘণ্টার মধ্যে সাবস্ক্রাইবার হয়েছে তিন হাজার। এখনো কনটেন্টই দিইনি। এটা আমাকে আশাবাদী করেছে। ভালো কনটেন্ট হলে দর্শক অবশ্যই পাশে থাকবেন।’

আরও পড়ুন
অন্ধ মা নাটকের পোস্টার

তার ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ পেয়েছে হৃদয়পোড়া গন্ধ সিরিজের প্রথম পর্ব অন্ধ মা। এটি লিখেছেন আসাদ সরকার। প্রতি বৃহস্পতিবার একটি করে পর্ব মুক্তি হবে। ধারাবাহিকটি ২৬ পর্বে শেষ হবে। আগামীতে চ্যানেলটি আরও বড় পরিসরে নিয়ে যেতে চান তিনি।