অভিনয় থেকে বিরতির ঘোষণা ‘মিম সে মহব্বত’ তারকার, বললেন, ‘পুরোপুরি অদৃশ্য হয়ে যাব’

আহাদ রাজা মিরইনস্টাগ্রাম থেকে

হঠাৎ ভক্তদের চমকে দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির। আগামী বছর অভিনয় থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে থাকবেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নিজের পরিকল্পনার কথা জানান আহাদ। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

লাইভে আহাদ বলেন, ‘আমি আগামী বছর বিরতি নিচ্ছি। সময় থাকতেই তোমাদের জানিয়ে দিতে চেয়েছি। যাতে তোমরা প্রস্তুত থাকতে পারো। আমি বিরতিতে যাচ্ছি। পুরোপুরি অদৃশ্য হয়ে যাব। পরিবারের সঙ্গে সময় কাটাব। ইনস্টাগ্রামও বন্ধ থাকবে। এটা অনেকটা আধা-অবসরের মতো।’

আহাদ রাজা মির
ইনস্টাগ্রাম থেকে

তবে বিরতির কারণ জানাননি অভিনেতা। এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে নিজেদের মতো করে কারণ খুঁজছেন।

আহাদ এখন ‘ক্যাফে ফিরাক’ সিরিয়ালের শুটিং করছেন। এতে তাঁর সঙ্গে আছেন ইয়ুমনা জায়েদি। ধারণা করা হচ্ছে, বিরতিতে যাওয়ার আগে কাজটি শেষ করবেন আহাদ। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আহাদ–ইয়ুমনা জুটিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

আহাদের ঘোষণার পর বিয়ে নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভক্তদের কেউ কেউ মনে করছেন, বিয়ে করে পরিবারকে সময় দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তবে আহাদ নিজে এমন কিছু বলেননি। লাইভে বিয়ের প্রসঙ্গও তোলেননি।

আরও পড়ুন
অভিনেতা আহাদ রাজা মির
ইনস্টাগ্রাম থেকে

‘ইয়াকিন কা সফর’, ‘এহদ-ই-ওফা’, ‘ইয়ে দিল মেরা’, ‘মিম সে মহব্বত’ ও ‘হাম তুম’ নাটকে অভিনয় করেছেন আহাদ। এসব কাজ তাঁকে পাকিস্তানের অন্যতম পরিচিত টেলিভিশন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতেও তাঁর ভালো ভক্তগোষ্ঠী রয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন আহাদ। অভিনেত্রী সাজল আলীর সঙ্গে ২০২০ সালের মার্চে আবুধাবিতে বিয়ে হয় তাঁর। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
সম্প্রতি ‘এক অউর মহব্বত’ নাটকে মায়া আলীর সঙ্গে অভিনয় করেছেন আহাদ। সামনে তাঁকে দেখা যাবে ইয়ুমনা জায়েদির সঙ্গে ‘ক্যাফে ফিরাক’-এ।

আহাদের এই বিরতি কত দিনের, তা এখনো জানা যায়নি। বিরতি শেষে তিনি আবার অভিনয়ে ফিরবেন কি না, সেটিই এখন দেখার।

সিয়াসাত ডেইলি অবলম্বনে