সার্চ করবেন, কিন্তু গায়ে হাত তুলবেন কেন! ফারিয়ার প্রশ্ন
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর মধ্যেই অভিনেত্রী শবনম ফারিয়া তাঁর ফেসবুক পোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই অভিনেত্রী মনে করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সন্দেহভাজনদের তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা দায়িত্বপ্রাপ্তদের কাজ। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিকভাবে হয়রানি করা উচিত নয়। তিনি লেখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন?’
ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়, এমনটাও মন্তব্য করেন শবনম ফারিয়া। ফারিয়া আরও লেখেন, ‘এই যে শুধু শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।’
ফারিয়া সবশেষে লেখেন, ‘আমরা চাই আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’ তাঁর পোস্টে এক ভক্তের মন্তব্য, ‘আমরা নাগরিক হিসেবে সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চাই। আমাদের প্রত্যাশা, বিভিন্ন বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মর্যাদা ও মানবিক আচরণ নিশ্চিত করবেন।’