এবার জমবে কি পার্থ–নীহার রসায়ন

পার্থ শেখ ও নাজনীন নীহা
ছবি: পার্থর সৌজন্যে

কথাবার্তা এগিয়েছিল আগেও। কিন্তু কখনো শিডিউল মেলেনি, কখনো গল্পের কারণে শেষ পর্যন্ত কাজ হয়নি। অপেক্ষা শেষে প্রথমবার জুটি হলেন পার্থ শেখ ও নাজনীন নীহা। সময়ের পরিচিত এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে রোমান্টিক গল্পের নাটক তোমার পরে তুমিতে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে নাটকটির ট্রেলার। সেখানে দুই তরুণ–তরুণীর দেখা হওয়ার দৃশ্যের সঙ্গে শোনা যায়, ‘কিছু গল্প শুরু হয় কথা থেকে, আর কিছু গল্প শুরু হয় ছোট একটা হাসি থেকে।’ হাসিমুখে মেয়েটির দূরে সরে যাওয়া, আবার পেছন ফিরে তাকানো আর চোখের ইশারায় মুগ্ধ তরুণের অভিব্যক্তি—ট্রেলারে মিলেছে নতুন প্রেমের আভাস। ট্রেলারটি ভক্তদের সঙ্গে ভাগ করে পার্থ লিখেছেন, ‘এক নতুন প্রেমের গল্প নিয়ে আমরা আসছি।’

নাজনীন নীহা
ছবি: ফেসবুক থেকে

দুজনকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ জানিয়েছেন ভক্তরাও। জুবায়ের খান নামের একজন লিখেছেন, ‘পার্থ, আপনি আমাদের শাহরুখ খান।’ অন্যরাও নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষার কথা জানিয়েছেন।
নীহার আগে অভিনয় শুরু করলেও দুজনের পরিচিতি এসেছে প্রায় একই সময়ে। এরপর নিয়মিত নাটকে কাজ করেছেন দুজনই। এত দিন একসঙ্গে অভিনয় করা হয়নি কেন?

পার্থ শেখ
ছবি: ফেসবুক থেকে

পার্থ বলেন, ‘আমাদের কয়েকবার কাজ হওয়ার কথা ছিল। পরিচালকদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতা, গল্প—সব মিলিয়ে শেষ পর্যন্ত আর কাজ হয়নি। প্রত্যাশা ছিল, খুব দ্রুত আমাদের একসঙ্গে কাজ হবে। এবার রোমান্টিক গল্পে কাজ করেছি। আশা করছি, দর্শক আমাদের রসায়ন পছন্দ করবেন।’

সহশিল্পী নীহাকে নিয়ে পার্থর অভিজ্ঞতাও ভালো। তাঁর ভাষ্যে, ‘নীহা অভিনেত্রী ও মানুষ হিসেবে অসাধারণ। সহশিল্পী হিসেবে অনেক সহযোগিতা করেন।’ এই জুটিকে সামনে আরও দেখা যাবে কি না, এমন প্রশ্নও পাচ্ছেন পার্থ। তিনি বলেন, ‘অনেকেই জানতে চাইছেন, আমাদের আরও কাজ হবে কি না। এটা নির্ভর করছে দর্শক ও পরিচালকদের ওপর। তাঁরা চাইলে হবে।’

আরও পড়ুন
পার্থ শেখ ও নীহা
ছবি: পার্থর সৌজন্যে

নাটকটি নিয়ে আগ্রহী নীহাও। ফেসবুকে ট্রেলার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একটু দুষ্টুমি, একরাশ মায়া আর এক নতুন প্রেমের গল্প নিয়ে আসছি শিগগির।’

‘তোমার পরে তুমি’ পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। পরিচালকের ‘সঙ্গে নাটকটি লিখেছেন রাসেল পারভেজ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আজিজুল হাকিমসহ অনেকে।