‘তুমি অনেক কষ্ট সহ্য করেছ’, শবনম ফারিয়াকে বলেছিলেন কাছের মানুষেরা
অভিনেত্রী শবনম ফারিয়া গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন। স্বামী তানজিম তৈয়বের সঙ্গে নতুন সংসারজীবন শুরু করেছেন তিনি, আর সেই অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। স্বামীকে দায়িত্বশীল হতে ও সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে শবনম ফারিয়ার মন কৃতজ্ঞতায় ভরে উঠেছে।
শবনম ফারিয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ আমাকে এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাঁর সরলতা আর আন্তরিকতাই সবচেয়ে বড় সৌন্দর্য।’
একটা সময় নিয়মিত অভিনয় করলেও, এখন চাকরি নিয়ে ব্যস্ত শবনম ফারিয়া। ছুটির সুযোগটা কাজে লাগিয়ে অভিনয়ে সময় দেন। চাকরি আর সংসার এটাই এখন তাঁর কাছে বেশি প্রাধান্য পায়। দ্বিতীয়বার সংসারজীবন শুরুর আগে কয়েকবার ভাবনাচিন্তা করেছেন। এরপর বিয়ে করেছেন।
শবনম ফারিয়া জানান, এই যুগে তাঁর (তানজিম তৈয়ব) মতো একজন মানুষ খুঁজে পাওয়া আল্লাহর সরাসরি রহমত ছাড়া আর কিছুই নয়। একসময় ছিল, যখন তিনি নতুন করে বিয়ের কথা ভাবতেই পারছিলেন না। তখন কাছের মানুষরা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ‘তুমি অনেক কষ্ট সহ্য করেছ। আল্লাহ তোমার পরীক্ষা পূর্ণ করেছেন। ইনশাআল্লাহ, এবার সামনে শুধুই ভালো সময়।’
শবনম ফারিয়ার মতে, এই আশীর্বাদই তাঁর নতুন জীবনের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দকে আরও গভীর করেছে। তিনি লিখেছেন, ‘আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে, আর এই ক’দিনেই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের দায়িত্বশীল একজন মানুষ হিসেবে দাঁড়াতে দেখে আমার জীবনটা সত্যিই সার্থক মনে হচ্ছে।’
শবনম ফারিয়া ২০১৩ সালে ‘অলটাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয় করে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। বড় পর্দায় অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে। তিনি ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। এরপর গত বছরের সেপ্টেম্বরে তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয়বারের মতো নতুন জীবন শুরু করেন শবনম ফারিয়া।