অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= ১১ দিন, লিখলেন তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টিছবি: ফেসবুক

কিছুদিন আগেই ব্রেন টিউমার ধরা পড়ার পর এবং অস্ত্রোপচার শেষে প্রথমবারের মতো ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ৪ মার্চ রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আপডেট দিয়েছেন তিনি। লাইভে তিনি জানান, কিছুদিন আগে তাঁর মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেই টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানান তিনি।

এরপর নিজের ফেসবুকে আরেকটি পোস্ট করেছেন তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ছয়টার দিকে তিনি লিখেছেন, ‘অপারেশন‍+ লাইফ সাপোর্ট ‍+ আইসিইউ ‍= ১১ দিন।’ তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি।

তানিয়া বৃষ্টির এই পোস্টে অভিনেত্রীর আরোগ্য কামনা করে অনেকেই মন্তব্য করেছেন। অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘ইনশা আল্লাহ, তুমি সুস্থ হয়ে উঠবে। অনেক দোয়া রইলো তোমার জন্য।’ অভিনেতা ও নির্মাতা রওনক হাসান লিখেছেন, ‘অনেক অনেক দোয়া।’

তানিয়া বৃষ্টি
ছবি : শিল্পীর ফেসবুক থেকে

এর আগে দুই হাসপাতালে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।  গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এরপর ৪ মার্চ ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেছিলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’ তবে চিকিৎসক তাঁকে আরও কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।

আরও পড়ুন

নিজের অসুস্থতা নিয়ে ছড়ানো গুজব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, ‘আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করেই বলেছেন, আমি মারা গেছি বা কোমায় আছি। এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।’