চোখ খোলার সঙ্গে সঙ্গে আম্মুকে খুঁজছিলাম: টিউমার অস্ত্রোপচারের পর তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমার ধরা পড়ার পর এবং অস্ত্রোপচার শেষে প্রথমবারের মতো সামনে এলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত আপডেট দিয়েছেন তিনি। লাইভে তিনি জানান, কিছুদিন আগে তাঁর মাথার এক পাশে একটি টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেই টিউমারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি সফল হয়েছে বলে জানান তিনি।
সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও তাঁর ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয় বলে উল্লেখ করেন তানিয়া বৃষ্টি।
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন এই অভিনেত্রী। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন তিনি এবং বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন। অপারেশনের পরের অভিজ্ঞতা শেয়ার করেন তানিয়া বৃষ্টি।
তিনি বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’ তবে চিকিৎসক তাঁকে আরও কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন।
নিজের অসুস্থতা নিয়ে ছড়ানো গুজব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, ‘আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করেই বলেছেন, আমি মারা গেছি বা কোমায় আছি। এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।’
লাইভে তানিয়া আরও বলেন, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তাঁর ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে ফিরতে চান তিনি। আসন্ন ঈদে তাঁর কিছু নাটক প্রচারিত হবে বলেও জানান, যদিও অসুস্থতার কারণে আগের মতো বেশি কাজ করতে পারেননি।
রমজান মাস নিয়ে ভক্তদের প্রশ্নের জবাবও দেন তানিয়া বৃষ্টি। তিনি জানান, অস্ত্রোপচারের পর প্রতিদিন তিন বেলা অনেক ধরনের ওষুধ খেতে হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সময় তিনি রোজা রাখতে পারছেন না। তবে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছেন এবং বাসায় তাহাজ্জুদ নামাজ আদায় করছেন বলেও জানান।
সবশেষে তানিয়া বৃষ্টি বলেন, এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁকে মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরতে চান তিনি।