‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী
হাসি-ঠাট্টা আর বন্ধুত্বের গল্পে দর্শকদের দীর্ঘদিন মাতিয়ে রেখেছিল কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে পঞ্চম সিজনের শেষ পর্বে এসে দর্শকদের হাসির বদলে চোখে পানি এনে দিল কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য। এত দিন যে কাবিলাকে নিয়ে হাসাহাসি করেছেন দর্শকেরা, সেই কাবিলার জীবনের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে।
নাটকের সেই শেষ দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ফেসবুকে কেউ লিখেছেন, বাংলাদেশের কোনো নাটক দেখে এভাবে চোখে পানি আসবে, ভাবেননি। আবার কেউ বলছেন, কাবিলার গল্পের সঙ্গে মিলে গেছে তাঁদের নিজেদের জীবনের অনেকটা সময়।
জাহিদ তুষার নামে এক দর্শক লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট যেন আমাদের ২০১৬-২০২২ সালের ঢাকার জীবন।’ এরপর নিজের ব্যাচেলর জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, ঢাকায় প্রথম রুম ভাগাভাগি করে থাকা, একে একে বন্ধুদের আসা, একসঙ্গে আড্ডা আর সময় কাটানোর দিনগুলো তাঁর কাছে নাটকটির গল্পের মতোই। এখন কেউ দেশের বাইরে, কেউ কানাডায়, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ আবার অন্য শহরে থিতু হয়েছেন। সেই দিনগুলো আর ফিরে আসবে না। তাঁর ভাষায়, ‘ব্যাচেলর পয়েন্ট আমাদের যেন প্রতিচ্ছবি।’
আরেক দর্শক লিখেছেন, কাবিলাকে নিয়ে এত দিন হাসাহাসি করেছেন, ধমকেছেন; কিন্তু মায়ের মৃত্যুর দৃশ্যে সবার চোখ ভিজেছে। তাঁর মতে, নাটকটি শুধু দর্শকদের হাসায়নি, কাঁদিয়েছেও। কত সকাল, কত রাত, কত আড্ডার স্মৃতি যে এই নাটকের সঙ্গে জড়িয়ে গেছে, তা শেষ পর্বে এসে আরও বেশি অনুভব করছেন তিনি।
পঞ্চম সিজনের শেষ অধ্যায়ে শুধু কাবিলার গল্পের সমাপ্তিই নয়, অন্য চরিত্রগুলোর ভবিষ্যৎও দেখিয়েছেন নির্মাতা। নিজের ব্যবসার জন্য নেহাল আবার ফিরে গেছে যুক্তরাষ্ট্রে। যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছে সে। আরেফিন ফিরে এসেছে সেই ব্যাচেলর হাউসে, যেখানে তার গল্পের শুরু। বাচ্চুর প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে হাবু ভাই। অন্যদিকে ব্যবসায় সাফল্য পেলেও পাশা ভাইয়ের আন্তর্জাতিক অর্ডারের শেষ পরিণতি নিয়ে দর্শকেরা নিজেদের মতো করে ভাবছেন।
সবচেয়ে বেশি আলোচনা কাবিলাকে ঘিরে। মায়ের মৃত্যু, ইভার সঙ্গে দূরত্ব, রোকেয়ার সঙ্গে বিয়ে না হওয়া এবং সম্পত্তির জন্য মামার হাতে নির্যাতিত হওয়া—সব মিলিয়ে হাসিখুশি কাবিলার জীবনে নেমে এসেছে একের পর এক বিপর্যয়। দর্শকদের কেউ কেউ মনে করছেন, চরিত্রটির এমন পরিণতি জীবনের কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে।
আমিমুল ইসলাম নামে এক দর্শক লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁর কাছে শুধু একটি নাটক নয়, শৈশবের আবেগ ও কৈশোরের স্মৃতি। এই নাটক দেখে যেমন অনেক হাসাহাসি করেছেন, তেমনি মন খারাপও হয়েছে বহুবার। কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে নিজের মাকে হারানোর ভয় অনুভব করেছেন তিনি। শেষ পর্বগুলো দেখে মনে হয়েছে, বাস্তব জীবনেও একদিন হয়তো প্রিয় ভাই-ব্রাদার ও বন্ধুদের এভাবেই হারিয়ে ফেলবেন।
নাটকের চরিত্রগুলো থেকেও জীবনের নানা শিক্ষা পেয়েছেন বলে মন্তব্য করেছেন বহু দর্শক। আমিমুলের মন্তব্য, ‘হাবুকে দেখে শিখেছেন, লোভ করতে নেই; বাচ্চুকে দেখে বুঝেছেন, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। কাবিলার গল্প তাঁকে বুঝিয়েছে, সম্পত্তির লোভে আপন মানুষও বদলে যেতে পারে। আর পাশা, শুভ, আরেফিন ও নেহালদের বন্ধুত্ব মনে করিয়ে দিয়েছে, জীবনে ভালোবাসার মতো কিছু মানুষ থাকা কতটা জরুরি।’
২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রায় নয় বছর ধরে দর্শকদের সঙ্গে ছিল। কাবিলা, নেহাল, পাশা ভাই, হাবু ভাই, আরেফিনসহ চরিত্রগুলো অনেক দর্শকের কাছে হয়ে উঠেছে পরিচিত বন্ধুদের মতো। ২৬ নভেম্বর প্রচারিত পঞ্চম সিজনের শেষ পর্বের মধ্য দিয়ে আপাতত শেষ হয়েছে এই দীর্ঘ যাত্রা। তবে দর্শকদের স্মৃতিতে চরিত্রগুলো থেকে যাবে। তাই কেউ কেউ শেষ পর্বের আবেগের মধ্যেও আশায় আছেন, একদিন নতুন গল্প নিয়ে আবার ফিরবে ‘ব্যাচেলর পয়েন্ট’।
কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদ। বাস্তবে তিনি ২০২৫ সালের ১৫ এপ্রিল মারা যান। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, মুকিত জাকারিয়া, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, গুলশান আরা আহমেদ, শামীমা নাজনীনসহ অনেকে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।