তৌসিফের ৮০০ নাটকের মধ্যে স্ত্রীর পছন্দের ১০ নাটক কোনগুলো

স্ত্রী জারা মাহবুবের সঙ্গে তৌসিফ মাহবুব
ছবি: ফেসবুক থেকে

অভিনেতা তৌসিফ মাহবুবের অভিনীত নাটক ও অন্যান্য কাজের সংখ্যা আট শতাধিক। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক গল্প থেকে রহস্য, পারিবারিক টানাপোড়েন কিংবা কমেডি—বিভিন্ন ঘরানার কাজ দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। জন্মদিনে স্বামীর অভিনীত কাজগুলোর মধ্য থেকে নিজের পছন্দের ১০টির নাম জানিয়েছেন স্ত্রী জারা মাহবুব। ছবিতে থাকছে তাঁর পছন্দের সেই ১০ কাজ।

‘চক্র’ পোস্টারে তৌসিফ মাহবুব

১. ‘চক্র’
জারা মাহবুবের পছন্দের তালিকায় শুরুতেই রয়েছে তৌসিফের অভিনীত ওটিটি সিরিজ ‘চক্র’। জারা মনে করেন, তৌসিফের অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজগুলোর একটি। রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের আবহে নির্মিত এই সিরিজে ভিন্নভাবে তৌসিফের উপস্থিতি নজর কেড়েছে।

সুবর্ণপুর বেশি দূরে নয়’ নাটকে অভিনয় করেন তৌসিফ
ছবি: ফেসবুক থেকে

২. ‘সুবর্ণপুর বেশি দূরে নয়’
জারার পছন্দের তালিকায় ২ নম্বরে রয়েছে ‘সুবর্ণপুর বেশি দূরে নয়’। এটি ২০১৪ সালের নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও শবনম ফারিয়া। নাটকে কয়েকজন বন্ধু ফটোগ্রাফি করতে একটি গ্রামে যায়। সেখানে গিয়ে তৌসিফের চরিত্রটি গ্রামের এক তরুণী—স্পর্শিয়ার অভিনীত চরিত্রটির সরলতায় মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে। অন্যদিকে শহরের বন্ধু শবনম ফারিয়ার চরিত্রটি তৌসিফকে পছন্দ করে। এভাবেই গল্পে তৈরি হয় প্রেমের টানাপোড়েন, আর গ্রামে ঘটে নানা ঘটনা।

‘অল টাইম দৌড়ের উপর’স নাটকের পোস্টার

৩. ‘অল টাইম দৌড়ের উপর’
আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ তৌসিফের অভিনয়জীবনের শুরুর দিকের আলোচিত কাজ। এই নাটকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এতে তিন বন্ধু ইমরান, জিসান ও আমজাদের গল্প উঠে এসেছে। ঢাকায় একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকে তারা। ছোটখাটো বিষয় নিয়ে জিসান ও আমজাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়, আর তা সামলাতে হয় ইমরানকে। বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস ও হাস্যরসের মিশেলে নির্মিত নাটকটি তৌসিফকে দর্শকের কাছে পরিচিত করে তোলে।

‘এপিটাফ’ নাটকের দৃশ্যে তৌসিফ ও মেহজাবীন
ছবি: ফেসবুক থেকে

৪. ‘এপিটাফ’
‘এপিটাফ’ তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী অভিনীত একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক। গল্পে তৌসিফ অভিনয় করেছেন মফস্‌সলের এক সহজ–সরল তরুণের চরিত্রে, যার ডায়েরি লেখার অভ্যাস আছে। কলেজে মেহজাবীনের চরিত্রের সঙ্গে পরিচয় থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উচ্চমাধ্যমিক শেষে দুজনই উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। কিন্তু পরে মেহজাবীনের জীবনে নতুন প্রেমিক হিসেবে ইরফান সাজ্জাদের আগমন গল্পে নতুন মোড় আনে।

‘কানামাছি’ নাটকের পোস্টার

৫. ‘কানামাছি’
হিমেল আশরাফ পরিচালিত ‘কানামাছি’ নাটকটিও রয়েছে জারার পছন্দের তালিকায়। এতে তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও মিশু সাব্বির। রোমান্টিক এই গল্প দর্শকদের পছন্দের তালিকায়ও জায়গা করে নিয়েছে। এটি ঈদে প্রচার হয়েছিল।

‘আমি তোমার গল্প হব’ নাটকের পোস্টার

৬. ‘আমি তোমার গল্প হব’
তৌসিফ মাহবুব ও মুমতাহিনা টয়া অভিনীত একটি রোমান্টিক নাটক। ২০১৮ সালের ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রচার হয়েছিল। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত রোমান্টিক নাটকটিতে ভালোবাসা, মুগ্ধতা ও প্রিয় মানুষের সঙ্গী হওয়ার আকাঙ্ক্ষা ঘিরেই নির্মিত। একজন মানুষের প্রতি অন্যজনের গভীর টান এবং তার জীবনের অংশ হয়ে ওঠার ইচ্ছার গল্পটি জারার পছন্দের ৬ নম্বরে রয়েছে।

কানামাছি স্বল্পদৈর্ঘ্যের দৃশ্যে তৌসিফ ও সাফা
ছবি: ফেসবুক থেকে

৭. ‘কানামাছি’
স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিতে তৌসিফ অভিনয় করেছেন রিপন চরিত্রে। শারীরিক প্রতিবন্ধী রিপন একই বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রী রিনির (সাফা কবির) সঙ্গে মজার ছলে পরিচিত হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করে রিপন। তার একমাত্র সম্বল বাবার রেখে যাওয়া একটি সাইকেল। এই গল্প জারার পছন্দের ৭ নম্বরে রয়েছে।

আরও পড়ুন
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পোস্টার

৮. ‘ব্যাচেলর পয়েন্ট’
কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ পছন্দের তালিকায় ৮ নম্বরে রয়েছে। এটি প্রচার শুরু হয় ২০১৮ সালে। এতে তৌসিফ মাহবুব অভিনয় করেছেন নেহাল চরিত্রে। ঢাকায় একসঙ্গে থাকা কয়েকজন তরুণের বন্ধুত্ব, প্রেম, দৈনন্দিন জীবন ও মজার ঘটনা নিয়ে ধারাবাহিকটির গল্প। প্রথম দুই সিজনে নেহাল চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পান তৌসিফ। তৃতীয় সিজন থেকে বিরতির পর ২০২৫ সালে পঞ্চম সিজনে আবারও ফিরেছেন তিনি।

‘খোয়াবনামা’ নাটকের পোস্টার

৯. ‘খোয়াবনামা’
ভয়, রহস্য আর অজানা ঘটনার আবহে নির্মিত ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এই নাটকে তানজিন তিশার সঙ্গে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। একটি দৃশ্যে ছয়টি জীবন্ত সাপের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এটি পছন্দের তালিকায় ৯ নম্বরে রয়েছে।

‘আমার রাজ্যে তুমি’ নাটকের পোস্টার

১০. ‘আমার রাজ্যে তুমি’
জারা সর্বশেষ পছন্দের তালিকায় রেখেছেন মাসরিকুল আলম পরিচালিত ‘আমার রাজ্যে তুমি’ নাটকটি। ভালোবাসা থাকলেই কি দুজন মানুষের একসঙ্গে থাকা সম্ভব? এই প্রশ্ন ঘিরে নির্মিত ‘আমার রাজ্যে তুমি’। নাটকটিতে সিয়াম চরিত্রে তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী। এতে প্রেম, বিচ্ছেদ ও না–পাওয়ার গল্প উঠে এসেছে।

স্ত্রী জারা মাহবুবের সঙ্গে তৌসিফ মাহবুব
ছবি: ফেসবুক থেকে