সবাই আমাদের জুটি পছন্দ করেছেন: সাদিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিয়া আয়মান
অভিনেত্রীর সৌজন্যে
চার বছরের ক্যারিয়ারে ‘ফুলের নামে নাম’, ‘প্রেম কাহিনী’, ‘নরসুন্দর’সহ বেশ কয়েকটি টিভি নাটক করেছেন। আর তাঁকে নতুন পরিচিতি দিয়েছে ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’। এবারের ঈদেও তাঁর বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। নাটক ও নানা প্রসঙ্গে ‘বিনোদন’-এর সঙ্গে কথা বললেন সাদিয়া আয়মান

প্রশ্ন :

কোথায় আছেন?

শুটিংয়ে। বরিশালে একটা টেলিফিল্মের শুটিং করছি। এখানেই আমার গ্রামের বাড়ি। ঈদে বাড়ি এসেছিলাম, বরিশালে শুটিং থাকায় আর ঢাকায় ফিরিনি। চার দিনের শুটিং শেষ করেই ফিরব। আমার সঙ্গে এই নাটকে খায়রুল বাসার ভাই আছেন।

প্রশ্ন :

ঈদে তো আপনার বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে।

সাত-আটটি নাটক এসেছে এবার। কাজ করেছিলাম ১৫টির মতো। বাকিগুলো পরে আসবে। কাজগুলোর মধ্যে আমার বেশি পছন্দ ‘বাবুইপাখির বাসা’, ‘দই ফুচকা’, ‘ডুবসাঁতার ২’, ‘কষ্টের নাম মায়া’, ‘জলতরঙ্গ’, ‘নো ইওর পার্টনার’। এগুলো দর্শকেরাও খুব পছন্দ করেছেন।

সাদিয়া আয়মান
অভিনেত্রীর সৌজন্যে

প্রশ্ন :

একসঙ্গে এতগুলো কাজ করলে মান বজায় রাখা যায়?

এটা আসলে কাজ যাঁরা দেখেছেন, তাঁরা ভালো বলতে পারবেন। আমি সব সময় আমার কাজ নিয়ে দর্শকদের মন্তব্যগুলো দেখি। দেখে মনে হয়েছে, আমি যে চেষ্টা করেছি, সেটা মানুষ বুঝতে পেরেছেন। আমার কাজগুলো সবই তো রোমান্টিক ধাঁচের। চেষ্টা করেছি রোমান্টিক হলেও প্রতিটি চরিত্র যেন আলাদা করা যায়।

প্রশ্ন :

খায়রুল বাসারের সঙ্গে বেশ কয়েকটি কাজ করলেন। তাঁর সঙ্গে আপনার জুটি বেশ পছন্দ করছেন দর্শকেরা...

আমাদের একসঙ্গে এবার চারটি কাজ আসছে। আমরা দুজন যে কটি কাজ করেছি, প্রতিটির গল্পই সুন্দর ছিল। খায়রুল বাসার খুব ভালো অভিনয় করেন। দুজনের অভিনয় মানুষ খুব ইতিবাচকভাবে নিয়েছেন। খুব ভালো লাগছে, সবাই আমাদের জুটি পছন্দ করেছেন। ভালো গল্প পেলে দুজনে একসঙ্গে ভালো ভালো কাজ করব।

সাদিয়া আয়মান
অভিনেত্রীর সৌজন্যে

প্রশ্ন :

নাটক নির্বাচনে আপনি কোন বিষয়গুলো মাথায় রাখেন?

প্রথমে মাথায় রাখি চিত্রনাট্য ও গল্পের প্লট। গল্পটা আসলে কী বোঝাচ্ছে বা কতটুকু লজিক্যাল—এটা খুব গুরুত্বপূর্ণ। পরিচালকের কথাও মাথায় রাখি। সংলাপও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। সংলাপগুলো কতটুকু সুন্দর, কতটুকু মিনিংফুল, ওটা দেখি।

প্রশ্ন :

‘কাজলরেখা’য় অভিনয় করেছেন। সিনেমাটি কবে আসছে?

ঠিক জানি না। (পরিচালক গিয়াস উদ্দিন) সেলিম ভাই তো তাঁর কাজ নিয়ে অনেক ভাবেন। তাঁর টিমের একজন আমাকে বলেছেন, ভারতে সিনেমার পোস্টপ্রোডাকশন চলছে। মনে হয়, সামনের বছর ফেব্রুয়ারির দিকে কিছু একটা হতে পারে।

প্রশ্ন :

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

এটা আমার প্রথম সিনেমা, অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমি তো বিজ্ঞাপন করতাম, বড় পর্দায় এটাই আমার প্রথম কাজ। বিজ্ঞাপন থেকে সরাসরি একদম সিনেমার ক্যামেরার সামনে, তাই একটু নার্ভাস ছিলাম। সেলিম ভাই ন্যাচারাল অভিনয় পছন্দ করেন, ভয়ে ছিলাম কীভাবে কী করব। উনি বলেছেন, ‘তুমি তোমার মতো করে সংলাপ বলো, যেভাবে কথা বলো, সেভাবে।’

প্রশ্ন :

আর কোনো সিনেমার প্রস্তাব পেয়েছেন?

সিনেমার অফার কিন্তু অনেক আসছে। সিনেমা তো, তাই একটু চিন্তাভাবনা করেই কাজ করব। পরিচালক আর গল্পের দিকটা ভালোমতো দেখছি। জনপ্রিয় একজন পরিচালকের সঙ্গে একটি সিনেমার বিষয়ে কথা চলছে। সিনেমাটির চিত্রনাট্য লেখা চলছে। চিত্রনাট্য লেখা শেষ হলে পরিচালক আমার সঙ্গে বসবেন। সামনে ওটিটি প্ল্যাটফর্মের জন্যও একটি ফিল্মের কথা চলছে। এ মাসের মাঝামাঝি থেকে শুটিং। এটি বানাবেন মাসুম শাহরিয়ার।  

প্রশ্ন :

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

খায়রুল বাসার ভাইয়ের সঙ্গে কাজটি ছাড়াও সিঙ্গেল নাটকের কাজ আছে। চয়নিকা চৌধুরীর একটি নাটক করব—‘এগারো বারো তেরো’। এরপর ওয়েব ফিল্মের কাজে টানা সাত দিন সময় দিতে হবে। তাই এই মাসে আর কোনো কাজ করব না।

সাদিয়া আয়মান
ফেসবুক

প্রশ্ন :

গত বছর মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’-এ আপনার অভিনয় প্রশংসিত হয়েছিল। মূলত এই কাজের পর থেকেই কি পরিচালকেরা আপনাকে কাজের প্রস্তাব বেশি দিচ্ছেন?

জি। ‘মায়াশালিক’ করার পর থেকেই বেশি মানুষ আমাকে চেনা শুরু করেছেন।

আরও পড়ুন

প্রশ্ন :

পাঁচ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান?

মানুষ হিসেবে যেমন আছি, সেটাই যেন থাকি। তবে অভিনেত্রী হিসেবে একটা ভালো অবস্থানে দেখতে চাই। মানুষ যেন আরও ভালোভাবে চেনেন, এটাই চাওয়া।