ভোটের আনন্দ ও উত্তেজনায় রাতে ঘুম হয়নি প্রভার
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তাঁরা। ভোট দিতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে গেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। জানিয়েছেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় আগের রাতে ঘুমই হয়নি তাঁর।
প্রভা বলেন, ‘পরিবেশটা একেবারে উৎসবের মতো। ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে, উত্তেজনায় কাল রাতে ঘুমাতে পারিনি।’
প্রভা আরও বলেন, ‘অনেক ব্যস্ততা যাচ্ছে। কাজ ফেলে কষ্ট করে এসেছি, নিজের দায়িত্ববোধ থেকে এসেছি, দেশের জন্য এসেছি। আমার একটি ভোট যদি কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারে, সে আশা নিয়েই এসেছি। ছুটির দিন, তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম; কিন্তু আমি মনে করি, দেশের জন্য আমার একটি ভোট গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরে এসেছি।’
প্রত্যাশা প্রসঙ্গে প্রভা বলেন, ‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। একাত্তরের চেতনা, একুশের আত্মিক সম্পর্ক, বইমেলা, ছাব্বিশে মার্চ, পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ—সবই চাই। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যেন শান্তিপূর্ণভাবে তাঁদের উৎসব উদ্যাপন করতে পারেন, সেটিও চাই। একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।’
ভোটের দিনটিকে নিজের জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, ‘শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার প্রত্যাশা আমার।’