শুটিংয়ে এমন কষ্টও কখনো করিনি: তৌসিফ
২০২১ সালের আগের কথা। সেই সময় প্রতি ঈদে নিজের নাটকের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে নাটকে অভিনয় করতেন তৌসিফ। গল্পেও তেমন বাছবিচার থাকত না। অনলাইনে প্রচারের পর ভিউ বেশি হবে, এমন গল্পগুলোই একসময় বেছে নিতেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। সেবার ভালোবাসা দিবসে সিদ্ধান্ত নেন, আর ভিউয়ের পেছনে ছুটবেন না। ভালো গল্পে অভিনয় করবেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন ঈদে নাটকের সংখ্যা কম থাকে। জানান, প্রায় এক শ–এর মতো প্রস্তাবের মধ্যে ১২টি গল্পে অভিনয় করছেন। সেগুলোই ঈদে প্রচারিত হবে।
তৌসিফ মাহবুব বলেন, ‘এখন আমি আগের চেয়ে বেশি মনোযোগী গল্পে। এতে দুইটা লাভ হয়েছে। পছন্দমতো গল্পে কাজ করছি, সেগুলো দর্শকও পছন্দ করছেন। ঈদের নাটকেও একটা ভেরিয়েশন আনার চেষ্টা করেছি। যে কারণে এই গরমের মধ্যেও কষ্ট করে শুটিং করছি। কোনো ছাড় দিচ্ছি না। এমন গরম আমার জীবনে দেখিনি, শুটিংয়ে এমন কষ্টও কখনো করিনি। আসলে করার কিছু নেই, ঈদে এগুলো প্রচারের শিডিউলও করা হয়ে গেছে। এখন গরমে শুটিং করা ছাড়া উপায় নেই।’
ঢাকার উত্তরা ও গাজীপুরের পুবাইলের শুটিং বাড়িগুলোতে গরমে কাহিল তারকারা। তারপরও সবাইকে দাবদাহের মধ্যেই ঈদুল ফিতরের নাটকের শুটিং করতে হচ্ছে। এই গরমের মধ্যে কখনো উত্তরা, কখনো সাভার, আবার পুরান ঢাকায় ছুটতে হচ্ছে তৌসিফকে। গতকাল রোববার ‘তোমার হতে চাই’ নাটকের শুটিং সেট থেকে অভিজ্ঞতা ভাগাভাগি করে তৌসিফ জানান, মহল্লাজুড়ে রোদের মধ্য ঘুরে ঘুরে শুটিং করছেন। সহ-অভিনেত্রী তানজিন তিশা। শুটিংয়ের আর সব ঠিক থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে গরম। তিনি বলেন, ‘এই দাবদাহে ঘামে বারবার মুখের মেকআপ গলে যাচ্ছে। গায়ের শার্ট, টি-শার্টও কিছুক্ষণ পরপর ভিজে যাচ্ছে। কখনো কখনো বাধ্য হয়ে ঘামেভেজা পোশাক নিয়ে ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে শুটিং করতে হচ্ছে। তার ওপর বাড়তি লাইটের মধ্যে শুটিং জীবন কাহিল করে দিচ্ছে।’
জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘তোমার হতে চাই’, মিফতা আনানের ‘অন্তহীন’, তৌফিকুল ইসলামের ‘ফিটিং ইসমাইল’সহ ১২টির মতো নাটকে দেখা যাবে এই অভিনেতাকে। নাটকে তাঁর সঙ্গে জুটি হয়েছেন তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, কেয়া পায়েল প্রমুখ।
তৌসিফ বলেন, ‘এই গরমে অনেকে যেখানে ঘর থেকেই বের হচ্ছেন না, ফ্যান, এসির নিচে বসে আছেন; সেখানে রোদ, ধুলাবালুর মধ্যে শুটিং করছি। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। প্রতিটা মুহূর্ত হাঁসফাঁস করছি। গত শনিবার সাভারে একটি রাজনৈতিক গল্পের নাটকে অভিনয় করলাম। রাস্তায় জনসংযোগের দৃশ্য ছিল। গরমের মধ্যেই মিছিল–মিটিং করেছি। দৃশ্যগুলো করতে গিয়ে খুবই খারাপ লাগছিল। কিন্তু কিছুই করার নেই।’