কিছু মানুষ আলোচনায় আসার জন্য শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া
ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক প্রতারণায় শিকার হয়ে মামলা করেন গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেত্রী শবনম ফারিয়ার নামে। এই ঘটনায় ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পীসংঘ লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র সমালোচনা করলেন। অভিনয়শিল্পী সংঘ মনে করে, কিছু মানুষ নিজেকে আলোচনায় আনতে যে কোনো ঘটনাতেই শিল্পীদের সম্পৃক্ত করে নানান কথা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন। কেউ কেউ তাদের নামে মামলা পর্যন্ত করছেন। এটা শিল্পীদের জন্যে মানহানিকর ও বিব্রতকর।

রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার মামলা করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। ইভ্যালির এই গ্রাহকের করা মামলায় নজরদারিতে আছেন তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া। অভিযোগ প্রমাণিত হলে তাঁরা যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন বলে জানান সাজ্জাদুর রহমান।

আজ ১২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘শিল্পীদের নামে মামলা মোটেই সমর্থনযোগ্য নয়, সেই সঙ্গে ভীষণ উদ্বেগজনকও বটে। সারা পৃথিবীতেই শিল্পীরা অত্যন্ত সম্মানিত এবং মানুষের ভালোবাসায় সিক্ত ও অনুসরণীয়। তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারণায় শিল্পীদের অন্তর্ভুক্ত করেন। নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে শিল্পীরা পণ্যের প্রচারে বিজ্ঞাপন ও নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পৃথিবী জুড়েই এটি একটি বৈধ লেনদেন। পণ্যের গুণগত দায় বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো অনৈতিক লেনদেনের দায় কখনোই সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত বা মডেলের ওপর বর্তায় না।’

এ বছরের মার্চে দুই বছরের জন্য ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তাহসান

লিখিত বিবৃতিতে তারা আরও জানান, ‘সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনৈক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলার আসামি তালিকায় তিনজন জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াদ রশিদ মিথিলা এবং শবনম ফারিয়ার নাম অন্তর্ভুক্ত করেছেন। যেখানে দুজন সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন এবং একজন চাকরিজীবী ছিলেন। যিনি মামলাটি করেছেন তিনি ওই প্রতিষ্ঠানে যখন লেনদেন করেছিলেন তখন এই শিল্পীরা উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন না। শুধুমাত্র নিজেকে আলোচিত করবার জন্য এবং আমাদের অভিনয়শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করবার অভিপ্রায়েই তাদের নাম সম্পৃক্ত করবার এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

আরও পড়ুন

শিল্পীসংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচারে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয় সে তার শাস্তি পাবে। কিন্তু শিল্পীদের নাম জড়িয়ে তাদের অহেতুক বিড়ম্বনা, বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং তাদের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহসান, মিথিলা, ফারিয়া সহ সকল অভিনয়শিল্পীদের যেকোনো নৈতিক আন্দোলন ও সংকটে আমরা অভিনয়শিল্পী সংঘ তাদের সঙ্গে আছি। সত্যের জয় হোক।’