তাঁরা বললেন, শিল্পীর দায় কোথায়
‘শিল্পীদের নিয়ে কথা বললে নজর কাড়া যায়। পত্রিকা ও টেলিভিশনে খবর হয়। পুলিশ কীভাবে বলে ফেলে, এই এই শিল্পী নজরদারিতে আছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! একটা অনগোয়িং মামলায় পুলিশ কীভাবে এমন কথা বলে!’ ইভ্যালি ইস্যুতে এক গ্রাহকের করা মামলায় তিন শিল্পীকে অভিযুক্ত করার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনারের বক্তব্যে এ প্রতিক্রিয়া জানালেন বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম শাওন।
‘ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় অভিযোগ প্রমাণিত হলে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।’ রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গত শুক্রবার সাংবাদিকদের তেমনটিই জানিয়েছিলেন। তিনি বলেন, ‘মামলায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে। তাঁদের মধ্যে তাহসান, শবনম ফারিয়া ও মিথিলা এ মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। তাঁরা আমাদের নজরদারিতে আছেন। যেকোনো সময় তাঁরা গ্রেপ্তার হতে পারেন।’
কোনো প্রতিষ্ঠানের পণ্যদূত হলে প্রতিষ্ঠানের অপরাধের দায় কি শিল্পীর ওপর বর্তে? এমন প্রশ্নে অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সম্মানীর বিনিময়ে শিল্পীরা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়, মডেলিং করে, প্রচারণায় যুক্ত হয়। শিল্পীরা যুক্ত হয়ে ওই প্রতিষ্ঠানের সুনাম বা গুডউইল বাড়াতে কাজ করে। কিন্তু প্রতিষ্ঠানের অপকর্ম তো শিল্পীরা আগে থেকে জেনে যায় না। কোনো প্রতিষ্ঠান অপকর্মে জড়িত হয়ে যদি শিল্পীদের যুক্ত করে, এরপর শিল্পীদের বিরুদ্ধে মামলা করা হয়, এটা একধরনের স্ট্যান্টবাজি ছাড়া কিছুই নয়। এখানে শিল্পীদের কোনো দায় নেই।’
কয়েক দশক ধরে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত অভিনয়শিল্পী আফজাল হোসেন। তিনিও এ ঘটনায় শিল্পীর দায় আছে বলে মনে করেন না। তাঁর মত, কোনো কোম্পানির ভেতরে যদি কোনো সমস্যা থাকে, সেটা শিল্পীর জানার কথা নয়। আফজাল হোসেন বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে প্রতিষ্ঠানের দুর্নামের কথা জেনেশুনে শিল্পীরা সেটার পণ্যদূত হয়েছে। বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ওই প্রতিষ্ঠান জড়িয়ে ছিল বলে শিল্পীরা বরং ভরসা পেয়েছে। একটা প্রতিষ্ঠান যখন কেউ চালু করে, তখন সেই প্রতিষ্ঠানকে অনেকগুলো আইনি প্রক্রিয়া পার হয়ে আসতে হয়। ইভ্যালি সেসব পার হয়ে পরে শিল্পীদের পণ্যদূত হতে আহ্বান জানিয়েছিল।’
গাওসুল আলম শাওন বলেন, ‘আমি মনে করি, এ ঘটনায় শিল্পীর দায় একেবারেই নেই। চাইলেই যেকোনো একটা কোম্পানি একজন সেলিব্রিটিকে নানা কথা বলে বুঝিয়ে এনডোর্স করে ফেলতে পারে। একজন শিল্পীর পক্ষে অনেক ক্ষেত্রে সেসব বোঝা সম্ভব নয়।’ শাওন আরও বলেন, ‘শিল্পীর ওপর দোষ চাপানোটা খুব সহজ। নারায়ণগঞ্জের একটা ছেলে, যার নিজের কিছুই নেই। মা–বাবা টাকা দিয়েছে পড়াশোনা করার জন্য। সে তাহসানের কথায় বাইক কিনে ফেলেছে? বাংলাদেশের তারকারা কি আমেরিকার তারকাদের মতো, যাদের এজেন্ট থাকবে, লিগ্যাল অ্যাডভাইজার থাকে? আমাদের ছোটখাটো ইন্ডাস্ট্রি, তাই তারকাদের সেফ গার্ড আমাদেরই হতে হবে।’
অভিনয়শিল্পী ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রি–সিক্সটি ডিগ্রির অন্যতম পরিচালক ইরেশ যাকের বলেন, ‘সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান যে কোম্পানির প্রশংসা করছে, বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর যে প্রতিষ্ঠান, শিল্পীরা সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতেই পারে। এ ক্ষেত্রে কোম্পানি যদি কোনো অপরাধ করে, সেই দায় শিল্পীর ঘাড়ে কোনোভাবেই বর্তায় না।’